ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নিম্ন আদালতে ডিসেম্বরের একমাস ছুটির সময় প্রতি জেলায় দেওয়ানি অবকাশকালীন আদালত গঠন করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। প্রতিটি জেলায় যুগ্ম জেলা জজ পদ মর্যাদার একজন বিচারককে দিয়ে সপ্তাহের নির্দিষ্ট কয়েক দিন জরুরি দেওয়ানি মামলার শুনানির ব্যবস্থা করতে আইন সচিবকে আদেশ দিয়েছে আদালত।
রোববার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি আবদুল আওয়ালের বেঞ্চ মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস্ এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদসহ সাত আইনজীবীর দায়ের করা জনস্বার্থ রিট আবেদনের ওপর চুড়ান্ত শুনানি গ্রহণ করে এই আদেশ দেন।
২০০৫ সালে দায়ের করা এ জনস্বার্থ রিট আবেদনে বলা হয়েছে, নিম্ন আদালতে ডিসেম্বরের বার্ষিক ছুটিতে দেওয়ানি কোন জরুরি মামলার ওপর শুনানি গ্রহণ করার জন্য কোন অবকাশকালীন বেঞ্চ থাকে না। এর ফলে শত শত নাগরিক এই মাসে আদালতের আশ্রয় লাভের অধিকার থেকে বঞ্চিত হয়।
শুনানিতে রিটকারী অ্যাডভোকেট মঞ্জিল মোরসেদ বলেন, ডিসেম্বরের নিম্ন আদালতের ছুটিতে দেওয়ানি মামলা শুনানি গ্রহণের জন্য কোন সুযোগ না থাকায় মানুষের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়। প্রত্যেক নাগরিকের বিচার পাওয়ার অধিকার সংবিধান স্বীকৃত। এই অধিকার কোনভাবেই খর্ব করা যায় না। ডিসেম্বরে ফৌজদারি মামলার শুনানি হলেও দেওয়ানি মামলার শুনানি না হওয়ায় সাধারণ নাগরিকরা ভোগান্তির স্বীকার হন।
সরকারপক্ষে রিট আবেদনের বিরোধিতা করে বক্তব্য রাখেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. নাঈমা হায়দার ও সহকারি অ্যাটর্নি জেনারেল জাফর ইমাম।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচবি/২০৩৩ ঘ.
bdnews24