ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সম্পত্তির হিসাব বিবরনী চেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) দেওয়া নোটিশের কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট।
পাশাপাশি ওই নোটিশকে কেন অবৈধ ঘোষণা করা হবেনা -তার কারণ জানতে চেয়ে দুদক চেয়ারম্যান, সচিব ও একজন উপ পরিচালকের প্রতি রুলনিশি জারি করা হয়েছে।
বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ সাবেক বন ও পরিবেশ মন্ত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
গত ১৮ নভেম্বর দুদক সৈয়দা সাজেদা চৌধুরীর সম্পত্তির হিসাব চেয়ে তার প্রতি নোটিশ দেয়। সাজেদা এজন্য সময় চাইলে দুদক তাকে দুই সপ্তাহ সময় দেয়।
দুদকের নোটিশ চ্যালেঞ্জ করে সাজেদার দায়ের করা রিট আবেদনের ওপর শুনানিতে ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, দুদক আইন অনুযায়ী অনুসন্ধান, তদন্ত ও এর ভিত্তিতে সন্তুষ্ট হলেই দুদক কারো সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ দিতে পারে। কিন্তু সাজেদা চৌধুরীর ক্ষেত্রে কেবল অনুসন্ধানের ওপর ভিত্তি
করে তার সম্পত্তির হিসাব চাওয়া হয়েছে। এক্ষেত্রে কোন তদন্ত করা হয়নি। তাই তার সম্পত্তির হিসাব চাওয়া বেআইনী।
ব্যারিস্টার শফিক আহমেদকে শুনানিতে সহায়তা করেন অ্যাডভোকেট কে এম হাফিজুল আলম।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৮৩২ঘ.
bdnews24