ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক জিয়ার বন্ধু হিসেবে পরিচিত আজিজুল হক ওরফে মোটা তারেককে (৪৫) শনিবার টাস্কফোর্সের সদস্যরা রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে।
তারেক জিয়া ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের সঙ্গে একই চাঁদাবাজি মামলার আসামি এই মোটা তারেক ।
রেজা কনস্ট্রাকশনের মালিক খান আফতাবউদ্দিন ১৬ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ তুলে ওই মামলা দায়ের করেন। তারেক জিয়া ও মামুনসহ মোট সাতজন এ মামলার আসামি।
মামলার তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, টাস্কফোর্সের সদস্যরা শনিবার উত্তরা এলাকা থেকে মোটা তারেককে আটকের পর উত্তরা থানায় সোপর্দ করে। উত্তরা থানা থেকে দুপুরে তাকে কাফরুল থানায় নেয়া হয়।
মোটা তারেককে রোববার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন জানানো হবে বলে তদন্তকারী কর্মকর্তা জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/২২২৫ঘ.
bdnews24