বরিশাল, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘের সহকারী মহাসচিব জ্যান হল লিউট বলেছেন, সিডরের আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষকে সর্বাত্মক সহযোগিতা দেবে জাতিসংঘ।
শনিবার দুপুরে বরিশাল বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের তিনি বলেন, আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে তারা ঘূর্ণিঝড় সিডরের ধ্বংসযজ্ঞ দেখেছেন। বিধ্বস্ত এলাকাগুলো পূনর্গঠন, সাইক্লোন সেন্টার নির্মাণসহ দূর্গত মানুষদের সর্বাত্মক সহযোগিতা দেবে জাতিসংঘ।
বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকাপ্টারে করে দুপুর ১২ টায় বরিশাল বিমানবন্দরে পৌঁছালে লিউটকে স্বাগত জানান যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন।
এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রেনটালক ডেসেলিয়ান।
ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি, উদ্ধার ও ত্রাণ তৎপরতা এবং বিভিন্ন সহায়তার কথা জাতিসংঘের সহকারী মহাসচিবকে অবহিত করেন ব্রিগেডিয়ার জেনারেল মো. রশিদুজ্জামান।
বিধ্বস্ত বিদ্যুৎ ব্যবস্থা, টেলিফোন, রাস্তাঘাট ও আবাসনের পাশাপাশি উপকূলীয় এলাকায় পর্যাপ্ত সাইক্লোন সেন্টার নির্মাণ ও জরাজীর্ণ সাইক্লোন সেন্টার মেরামত জরুরি হয়ে পড়েছে বলে তাকে জানান মো. রশিদুজ্জামান।
এরপর লিউট পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বিধ্বস্ত চরখালী এলাকায় যান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৬ ঘ.
bdnews24