ঢাকা, ডিসেম্বর ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ত্রাণ পরিবহনের জন্য চলতি মাসে বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।
কোনো প্রতিষ্ঠান এককভাবে দুর্গত এলাকায় জাহাজে করে ত্রাণ পাঠাতে চাইলে বিনা ভাড়ায় জাহাজ ব্যবহারের সুবিধা দেয়া হবে। এজন্য দিতে হবে শুধু তেল খরচ। আর জাহাজে করে স্বল্প পরিমাণ ত্রাণ পাঠানোর ক্ষেত্রে কোনো পরিবহন ভাড়া নেয়া হবে না।
এছাড়া প্রত্যেক মঙ্গল ও শুক্রবার একটি বিশেষ ত্রাণবাহী জাহাজ বরিশাল যাবে। আগ্রহীরা চাইলে ওই জাহাজে করেও ত্রাণ সামগ্রী পাঠাতে পারবে।
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এএসএম আলী কবির শনিবার করপোরেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
পরিচালক জয়নাল আবেদীন, নাসিরউদ্দিন খান, ওসমান আমিন ও মোহাম্মদ আলীসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান জানান, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ত্রাণ পরিবহনের এ সুবিধা অব্যাহত থাকবে। দরকার হলে পরে মেয়াদ আরো বাড়ানো হবে। জাহাজ সুবিধা দেয়া ছাড়াও দুর্গত এলাকায় ত্রাণ কাজে অংশ নেবে কর্পোরেশন। এজন্য করপোরেশনের ওষুধ কেনার তহবিল থেকে ৫০ হাজার এবং দাতা তহবিল থেকে দুই লাখ ৫০ হাজার টাকা দুর্গতদের জন্য ত্রাণ তহবিলে জমা দেয়া হয়েছে। কর্মীদের একদিনের বেতনও ত্রাণ তহবিলে জমা দেয়া হবে।
আলী কবির জানান, বিআইডব্লিউটিসির বহরে আরো চারটি সি-ট্রাক যোগ করার উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে করপোরেশনের আটটি সি-ট্রাক বিভিন্ন রুটে চলাচল করছে। তবে অর্থের ব্যবস্থা না হওয়ায় করপোরেশন আপাতত বড় মাপের কোনো জাহাজ সংগ্রহ করতে পারছে না।
এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান জানান, বাংলাদেশ রেলওয়ের ব্যবহৃত একটি যাত্রীবাহী ফেরি কিনে নিয়েছে বিআইডব্লিউটিসি। খুলনা শিপ-ইয়ার্ডে নৌ-বাহিনীর তত্ত্বাবধায়নে ফেরিটিকে জাহাজে রূপান্তরের কাজ চলছে। আগামী এপ্রিলের মধ্যে এটি চলাচল শুরু করতে পারবে বলে আশা করা হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএ/১৮৫২ঘ.
bdnews24