২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজার সহনীয় রাখায় চট্টগ্রাম চেম্বারের আহ্বানে সাড়া মেলেনি

নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে বাজার পর্যবেক্ষণ শুরু হলেও এর প্রভাব নগরীর খুচরা বাজারগুলোতে পড়েনি। এ কার্যক্রম শুরুর দুই দিনের মাথায় নগরীর কাজীর দেউরী ও রেয়াজুদ্দিন বাজারে একই সবজি ভিন্ন দামে বিক্রি হয়। এছাড়া দোকানে নির্ধারিত পণ্যমূল্য টাঙানোর কথা থাকলেও বিক্রেতাদের তা টাঙাতে দেখা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2007, 12:56 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

চট্টগ্রাম, নভেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে বাজার পর্যবেক্ষণ শুরু হলেও এর প্রভাব নগরীর খুচরা বাজারগুলোতে পড়েনি। এ কার্যক্রম শুরুর দুই দিনের মাথায় নগরীর কাজীর দেউরী ও রেয়াজুদ্দিন বাজারে একই সবজি ভিন্ন দামে বিক্রি হয়। এছাড়া দোকানে নির্ধারিত পণ্যমূল্য টাঙানোর কথা থাকলেও বিক্রেতাদের তা টাঙাতে দেখা যায়নি। শুক্রবার নগরীর দুটি বাজারে গিয়ে এ চিত্র দেখা যায়। পণ্যমূল্য নিয়ন্ত্রণে চট্টগ্রাম চেম্বার গত বুধবার সকালে নগরীর কাজীর দেউরী বাজার থেকে বাজার পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করে। ব্যবসায়ী নেতারা বিক্রেতাদের পণ্যমূল্য টাঙানো এবং লাভ কম করে অধিক বিক্রির জন্য পরামর্শ দেয়। এছাড়া ভিন্ন ভিন্ন বাজারে এক দ্রব্যের এক দামই রাখার আহ্বান জানান চেম্বার নেতারা। বুধবার বিক্রেতারা পণ্যমূল্য টাঙালেও দুই দিন পর শুক্রবার সকালে এসব দোকানে মূল্য তালিকা দেখা যায়নি। বাজার পর্যবেক্ষণ প্রসঙ্গে চট্টগ্রাম চেম্বারের সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জাভেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এ কার্যক্রমের ধারাবাহিকতায় ধীরে ধীরে বাজারগুলোতে শৃঙ্খলা আসবে। এর সুফল সঙ্গে সঙ্গেই পাওয়া যাবে না। বিক্রেতার দাম সহনীয় রাখতে অনুরোধ জানালেও তারা তা করছেন না স্বীকার করে চেম্বার সভাপতি বলেন, আমরা বাজার সমিতিগুলোর মাধ্যমে দাম কম রাখার জন্য চেষ্টা করছি। তিনি দাবি করেন, বাজারে পণ্যমূল্য এখনো সহনীয় পর্যায়ে রয়েছে এবং ঘূর্ণিঝড় সিডর পরবর্তী প্রভাব চট্টগ্রামের বাজারগুলোতে পড়েনি। এদিকে বাজারে নতুন আলুর সরবরাহ বাড়ায় সাতদিনের ব্যবধানে প্রতি কেজিতে দাম কমেছে প্রায় চল্লিশ টাকা। শুক্রবার সকালে রেয়াজুদ্দিন বাজারে প্রতিকেজি ৩০ টাকায় বিক্রি হয়। কিন্তু কাজীর দেউরী বাজারে এ আলু ৩৫ টাকা দরে বিক্রি হয়েছে। এদিকে শুক্রবার নগরীর খুচরা বাজারগুলোতে বিভিন্ন মানের চাল প্রতি কেজিতে ১ টাকা করে বেড়েছে। দাম বাড়ার কারণ সম্পর্কে ষ্পষ্ট কোনো বক্তব্য দোকানিরা দিতে পারেননি। রেয়াজুদ্দিন বাজারের খুচরা দোকানদার কামাল মিয়া জানান, পাইকারি দাম বাড়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। নগরীর খুচরা বাজারগুলোতে সয়াবিন তেলসহ অন্যান্য ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে। অপরদিকে আমদানি বাড়ার কারণে পাইকারি আড়তে পর্যাপ্ত সরবরাহের কারণে খুচরা দোকানে পেঁয়াজের দাম প্রতিদিনই কমছে। রেয়াজুদ্দিন বাজারে আসা নতুন আলু বিক্রি হয়েছে প্রতি কেজি ৩০ থেকে ৩২ টাকায়। সাত দিনের ব্যবধানে এ দাম কমেছে প্রায় ৪০ টাকা। গত সপ্তাহে এ দর ছিল ৭০ টাকা। তবে পুরান আলু যথারীতি বিক্রি হয়েছে ২৫ থেকে ২৬ টাকায়। নগরীর রেয়াজুদ্দিন বাজারের খুচরা দোকানগুলোতে ভালো পেঁয়াজ প্রতি কেজি ২/৩ টাকা কমে ২২ থেকে ২৪ টাকায় বিক্রি হতে দেখা যায়। অপরদিকে প্রতি কেজি খোলা সয়াবিন আগের দাম ৯০ থেকে ৯২ টাকায় বিক্রি হচ্ছে। আটা-ময়দা, গুঁেড়া দুধের দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে। প্রতি কেজির প্যাকেট আটা আগের দাম ৩৬-৩৮ টাকা ও ময়দা ৩৮-৪০ টাকায় বিক্রি হচ্ছে। শীতকালীন সবজির সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম প্রতি কেজিতে ২/৩ টাকা বেশি দেখা গেছে। রেয়াজুদ্দিন বাজারে ফুলকপি প্রতি কেজি ২০ টাকা, বাঁধাকপি ২ টাকা বেড়ে ১৮ টাকায়, মুলা ২ টাকা বেড়ে ১২ টাকা, শিম ২৪ থেকে ২৬ টাকা, করলা ২৪ টাকা, ঢেঁড়শ ৩২ টাকা, শসা ২ টাকা বেড়ে ২২ টাকা, ঝিঙা ৩০ টাকা, পটল ২৪ টাকা, পেঁপে ২ টাকা বেড়ে ১৪ টাকা, কাঁচামরিচ ৭০ থেকে ৮০ টাকা, ধনেপাতা ১০০ টাকা দরে বিক্রি হয়েছে। তবে কাজীর দেউরী বাজারে এ সব সবজির দাম প্রতি কেজিতে ২/৪ টাকা বেশি নিতে দেখা যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/১৮৫১ ঘ.