রুহুল আমিন রানা
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, নভেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভরা মৌসুমে দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদন কারখানা চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) যান্ত্রিক ত্র"টির কারণে বন্ধ রয়েছে গত ১৯ দিন।
ক্রমবর্ধমান চাহিদার মধ্যে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কর্ণফুলী নদীর তীরে অবস্থিত সিইউএফএল কারখানা বন্ধ থাকায় প্রতিদিন গড়ে দেড় হাজার টন সার কম উৎপাদন হচ্ছে।
দৈনিক ১৭০০ মেট্রিক টন উৎপাদনক্ষম সিইউএফএল কারখানায় উৎপাদিত প্রতি টন সার ভর্তুকি দিয়ে মিল গেটে ৪ হাজার ৮০০ টাকা দরে বিক্রি করা হয়। আন্তর্জাতিক বাজারে এর দাম প্রায় ২০ হাজার টাকা। বিস্তারিত জানাচ্ছেন রুহুল আমিন রানা।
বাখরাবাদের গ্যাস সরবরাহ লাইনে সংস্কারের কারণে ১১ নভেম্বর থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকে। এরপর গ্যাস সরবরাহ শুরু হওয়ার পর ১৮ নভেম্বর চালু করার সময় কারখানার রিফর্মারে ত্র"টি দেখা দিলে সার উৎপাদন শুরু করা যায়নি বলে জানান সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক নাজিম উদ্দিন।
তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ত্র"টি মেরামতের জন্য চীন ও বিসিআইসির প্রকৌশলীরা কাজ করছেন। আগামী ৪/৫ দিনের মধ্যে কারখানা চালু করার জন্য চেষ্টা চলছে।"
গ্যাস সঙ্কট ও যান্ত্রিক ত্র"টির কারণে কারখানা বন্ধ থাকায় এ বছর উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব নাও হতে পারে বলে নাজিম উদ্দিনের আশঙ্কা।
তিনি বলেন, "উৎপাদন কম হলে সারের চাহিদা মেটাতে বিদেশ থেকে আমদানি করার প্রয়োজন হতে পারে।"
কারখানার মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. শাহজাহান জানান, গ্যাস সঙ্কটের কারণে জুলাই থেকে এ পর্যন্ত লক্ষ্যমাত্রার চেয়ে ৪৬ হাজার টন সার কম উৎপাদন হয়েছে।
তিনি জানান, গ্যাস সমস্যার সুরাহা না হলে সিইউএফএলকে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। এতে বছর শেষে আন্তর্জাতিক বাজার দর অনুযায়ী সমপরিমাণ সার আমদানি করতে হলে ১০০ কোটি টাকার বেশি গুণতে হবে।
মো. শাহজাহান জানান, কারখানায় চলতি বছর সার উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৪০ হাজার টন।
বর্তমানে প্রায় ২৮ হাজার টন সার মজুদ রয়েছে জানিয়ে তিনি বলেন, এ মজুদ দিয়ে বর্তমান মৌসুমে এ অঞ্চলের চাহিদা মেটাতে কোনো সমস্যা হবে না।
এ কারখানা থেকে ২২টি জেলায় সার সরবরাহ করা হয়ে থাকে। এ অঞ্চলের চাহিদা মেটানোর পর অন্য অঞ্চলেও সরবরাহ করা হয়।
লক্ষ্যমাত্রা অনুযায়ী সার উৎপাদন না হলে শ্রমিকরাও বছর শেষে আর্থিক ক্ষতির মুখোমুখি হবেন বলে জানান সিইউএফএল সিবিএ সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন।
তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলে শ্রমিকরা বাৎসরিক ৫ শতাংশ হারে উৎসব ভাতা পান। এবার সেটা না পাওয়ার সম্ভাবনাই বেশি।"
নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক কর্মকর্তা জানান, এ বছরের প্রথম থেকেই গ্যাসের সঙ্কট চলছে। গড়ে দৈনিক ৩০০/৩৫০ টন সার কম উৎপাদিত হচ্ছে। এছাড়া বারবার গ্যাসের চাপ ওঠা নামা এবং কারখানা বন্ধ থাকায় স্পর্শকাতর যন্ত্রগুলো বিকল হয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। রিফর্মারের হেডার লাইনে যান্ত্রিক ত্র"টিও এ কারণে বলে ওই কর্মকর্তা দাবি করেন।
সিইউএফএলে প্রতিদিন গ্যাসের চাহিদা ৫১ মিলিয়ন ঘনফুট। কিন্তু বছর জুড়ে দৈনিক ৪৪ থেকে ৪৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পাওয়া গেছে বলে কারখানা কর্মকর্তারা জানান।
সিইউএফএল কর্মকর্তারা কারখানায় উৎপাদন স্বাভাবিক রাখতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ চান। এ মাসে শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরীর চট্টগ্রাম সফরে এলে তারা বিষয়টি তুলে ধরে এর আশু সমাধান চেয়েছেন। ওই সময় শিল্প উপদেষ্টা চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা হবে বলে কর্মকর্তাদের আশ্বস্ত করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/জিএনএ/১৩০০ ঘ.
bdnews24