২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ আগস্ট মামলায় খুলনায় জেএমবির সুরা সদস্যের যাবজ্জীবন

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০০৫ সালের ১৭ আগস্ট বোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলায় জেএমবি সূরা সদস্য রাকিবকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2007, 12:54 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

খুলনা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০০৫ সালের ১৭ আগস্ট বোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলায় জেএমবি সূরা সদস্য রাকিবকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়। খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক আব্দুস সালাম শিকদার বৃহস্পতিবার এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার আরও সাতজনকে খালাস দেওয়া হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, ২০০৫ সালের ১৭ আগস্ট দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের টেনিস কোর্টের অদূরে একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে পুলিশের উপ পরিদর্শক অনিল বিহারী নাথ একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক আব্দুল কুদ্দুস পরে ১১ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। এরা হচ্ছেন জেএমবি নেতা শায়খ আব্দুর রহমান, আতাউর রহমান সানি, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই, লুৎফর রহমান, সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক, নিজামুল ইসলাম ওরফে নিজাম, মতিউর রহমান, মো. হাবিবুর রহমান, শামসুল আলম, আকবর আলী ও রাকিব হাসান ওরফে রাসেল ওরফে মাহমুদ হাসান। এর মধ্যে অন্য একটি মামলায় প্রথম তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। মামলাটি গত ১৭ মে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনালে স্থানান্তর করা হয়। রায় ঘোষণার সময় আসামি রাকিব হাসান, হাবিবুর রহমান, শামসুল আলম ও আকবর আলী আদালতে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৮৪৩ ঘ.