ঢাকা, ২৮ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুই প্রধান রাজনৈতিক দলের কয়েক নেতাসহ আটজন দুর্নীতি দমন কমিশনে সম্পদের হিসাব বিবরনী জমা দেওয়ার জন্য সময় বাড়ানোর আবেদন করেছেন।
বুধবার আবেদন করেছেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, বিএনপির সাবেক সাংসদ মেজর ( অব) কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাবেক সাংসদ রহমত উল্লাহ, সাবেক যোগাযোগ সচিব রেজাউল হায়াত এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস শামসুল আলম।
দুদকের একটি নির্ভরযোগ্য সূত্র বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে একথা জানান।
এর আগে মঙ্গলবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ ও বেগম সাজেদা চৌধুরী এবং রাজউকের ইমারত পরিদর্শক সাবেক সিবিএ নেতা আমীর খসরু সময় বাড়ানোর জন্য দুদকের কাছে আবেদন জানান।
এদিকে, বুধবার সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে শফিউর রহমান সম্পদের হিসাব জমা দেন। আগের দিন মঙ্গলবার তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিচারপতি ফজলুল হক লোক মারফত হিসাব বিবরনী জমা দিয়েছেন।
দুদকের করা সন্দেহভাজন দুর্নীতিবাজের চতুর্থ তালিকার মোট ৩৫ জনের মধ্যে ১২ জনকে সম্পদের হিসাব জমা দিতে ১৯ নভেম্বর নোটিশ পাঠানো হয়। তাদের সাত কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে বলা হয়েছিল।
নোটিশ পাওয়া ১২ জনের মধ্যে ২ জন সময় বাড়ানোর কোন আবেদন করেননি এবং হিসাব জমাও দেননি। এরা হলেন বিআরটিসি'র সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার এবং ঢাকা চতুর্থ জজ আদালতের এমএলএসএস আকবর আলী। তৈমুর আলম খন্দকার কারাগারে আটক রয়েছেন আর আকবর আলী পলাতক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএম/এএইচডি/এসকে/এমএইচবি/০০৫৭ঘ.
bdnews24