কক্সবাজার, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মালয়েশিয়ায় অবৈধভাবে যাওয়ার পথে সাগরে ডুবে যাওয়া ট্রলারের আরও দুই আরোহীর লাশ বুধবার উদ্ধার করা হয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, সকাল ৭টার দিকে সেন্টমার্টিন উপকূলে কোস্টগার্ড কার্যালয়ের কাছে ও হোটেল প্রাসাদ প্যারাডাইসের কাছে দু'টি গলিত লাশ ভেসে ওঠে। পরে পুলিশ ও স্থানীয় জনতা লাশ দু'টি উদ্ধার করে দাফনের ব্যবস্থা করে।
এ নিয়ে উদ্ধার করা লাশের সংখ্যা আট-এ দাঁড়িয়েছে। এদিকে প্রতারণার মাধ্যমে মানব পাচারের ওই ঘটনায় সোমবার রাতে জামাল উদ্দিন (২৫) ও সোনা মিয়া (৪২) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওসি জসিম উদ্দিন জানান, সোনা মিয়া শাহপরীর দ্বীপের ঘোনার পাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে। জামাল উদ্দিন মিয়ানমারের নাগরিক হলেও দীর্ঘদিন ধরে সে টেকনাফের শাহপরীর দ্বীপে আছে।
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে শনিবার রাতে টেকনাফের শাহপরীর দ্বীপের কার্গো ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে অর্ধশতাধিক যুবককে মালয়েশিয়া পাচার করা হচ্ছিল বলে পুলিশ ও স্থানীয়রা জানায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/আরএ/এসএনডি/২১১৯ ঘ.
bdnews24