চট্টগ্রাম, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার এম এম আলী রোডে মঙ্গলবার দুপুরে একটি ওষুধ কোম্পানির গাড়ি আটকে আট লাখ টাকা ছিনতাই হয়েছে।
ওই সময় স্থানীয় জনতা মোহাম্মদ ফারুক নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে।
অপসোনিন লিমিটেডের চট্টগ্রাম অফিসের টাকা ব্যাংকে জমা দিতে যাবার সময় ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। ছিনতাইয়ের ঘটনায় মঙ্গলবার বিকালে অপসোনিনের চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তা খন্দকার রবিউল আলম বাদি হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।
কোতোয়ালি থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক রাশিদা পারভীন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর দেড়টার দিকে নগরীর মেহেদীবাগের অপসোনিনের অফিস থেকে প্রাইভেট কার যোগে প্রতিষ্ঠানের আঞ্চলিক ব্যবস্থাপক শামসুল আরেফিন এইচএসবিসি ব্যাংক নাসিরাবাদ শাখায় টাকা জমা দিতে যাচ্ছিলেন। পথে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন।
রাশিদা পারভীন জানান, এম এম আলী রোডে শিল্পকলা একাডেমির সামনে একটি সিএনজি অটোরিকশা প্রাইভেট কারটির গতিরোধ করে। অটোরিকশা থেকে পাঁচ জন ছিনতাইকারী নেমে এসে কারটির সামনের আয়নায় গুলি করে। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে শামসুল আরেফিনের কাছ থেকে নগদ ৮ লাখ ২৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে অটো রিকশায় চড়ে পালিয়ে যায়।
তবে মোহাম্মদ ফারুক নামে এক ছিনতাইকারী অটোরিকশায় উঠতে না পারলে স্থানীয় জনতা তাকে ধাওয়া করে আটক করে বলে পুলিশ কর্মকর্তা রাশিদা পারভীন জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৮৪২ ঘ.
bdnews24