২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির গাড়ি পোড়ানোর মামলার রায় ৬ ডিসেম্বর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ চলাকালে সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) গাড়ি পোড়ানোর অভিযোগে দায়ের করা মামলার রায় হবে আগামী ৬ ডিসেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2007, 11:43 AM

Updated : 26 Aug 2022, 09:00 PM

রাজশাহী, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ চলাকালে সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) গাড়ি পোড়ানোর অভিযোগে দায়ের করা মামলার রায় হবে আগামী ৬ ডিসেম্বর। মঙ্গলবার ওই মামলার যুক্তিতর্ক শেষে রাজশাহীর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম রুহুল আমিন রায়ের এ দিন ধার্য করেন। ছাত্র বিক্ষোভে উস্কানি দেয়ার অভিযোগে ছয় শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা অপর মামলার রায়ের দিন ৪ ডিসেম্বর নির্ধারিত রয়েছে। মঙ্গলবার আদালতে সরকার পক্ষের আইনজীবী মাসুম আহমেদ টিপু শিক্ষকসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগের সপক্ষে যুক্তি তুলে ধরে তাদের শাস্তি দাবি করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী গোলাম আরিফ টিপু, হামিদুল হক ও মুনসুর আলী আসামিদের নির্দোষ দাবি করে তাদের মুক্তি চান। আদালতে অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু বলেন, মামলার আসামি অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহান সজল ও গোলাম সাব্বির সাত্তার তাপু জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিমান। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এছাড়া তারা ড. তাহের হত্যা মামলার সাক্ষী। সে মামলা প্রভাবিত এবং জামায়াত-শিবিরের প্রতিবন্ধকতাকে অপসারণের লক্ষ্যে পরিকল্পিতভাবে দুই শিক্ষককে এ মামলায় জড়ানো হয়েছে। যুক্তিতর্ক চলাকালে অভিযুক্ত দুই শিক্ষকসহ মামলার আসামি রাবির উপ-প্রধান তথ্য কর্মকর্তা সাদেকুল ইসলাম এবং রাবির সাবেক উপাচার্য অধ্যাপক ফাইসুল ইসলাম ফারুকীর গাড়ির চালক আতাউর রহমান আতা আদালতে হাজির ছিলেন। পরে তাদের পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়। এ মামলার বাকি ১০ আসামি পলাতক রয়েছে। মামলায় মোট ২৪ জনের সাক্ষ্য নেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের রেশ ধরে গত ২২ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র-পুলিশ ব্যাপক সংঘর্ষ হয়। ওই সময় গুলিবিদ্ধ হয়ে এক রিকশাচালক নিহত হয়। ছাত্র বিক্ষোভের সময় ডিজিএফআইয়ের গাড়ি পোড়ানোর অভিযোগে গোয়েন্দা সংস্থাটির সহকারী পরিচালক শওকত আলী বাদি হয়ে ২৩ আগস্ট মতিহার থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা মতিহার থানার উপ-পরিদর্শক মুক্তার হোসেন ১ সেপ্টেম্বর দুই শিক্ষকসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অধ্যাপক সারোয়ার জাহান ও সাব্বির সাত্তার ১১ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩৮ ঘ.