ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- তারেক রহমানকে আরো একটি মামলায় সাত দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। আগামী ২ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তারেকের উপস্থিতিতে এ আবেদনের শুনানি হবে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ওই মামলায় তারেককে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী কমকর্তা দুদকের সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
তারেক রহমানকে ইতোমধ্যে চারটি চাঁদাবাজি মামলায় আদালত মোট ১০দিন রিমান্ড মঞ্জুর করেছে। তবে এগুলোর কোনোটিতেই এখনো তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি।
রিমান্ড আবেদনে বলা হয়, দুর্নীতি দমন কমিশনে তারেকের দাখিল করা সম্পদ বিবরণীতে প্রদর্শিত প্রাইম ব্যাংক বনানী শাখায় ৩৫ লাখ টাকা এবং ঢাকা ব্যাংক বনানী শাখায় ২০ লাখ টাকার উৎস ও তার মালিকানাধীন বসুন্ধরা গ্র"পের ব্লক নং ১০৬৪ এর বরাবর দলিল নম্বর ২৪৭১/০৫, গাজীপুর সদর থানায় দলিল নম্বর ৩৭৫৮/৯৩ ও ৩১৮৪/৯৩ এবং দৈনিক দিনকাল পত্রিকার মালিকানাসহ অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড প্রয়োজন।
২৬ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক মো. জহিরুল হুদা বাদি হয়ে কাফরুল থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় তারেক ছাড়াও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/জিএনএ/১৭১৩ ঘ.
bdnews24