২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার চাঁদাবাজি মামলার বিচার বুধবার শুরু

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ব্যবসায়ী আজম জাহাঙ্গীর চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলাটির বিচার শুরু হচ্ছে বুধবার। আসামী পক্ষকে শেরেবাংলা নগরের বিশেষ এজলাসে মামলার শুনানি অনুষ্ঠানের প্রজ্ঞাপন সম্পর্কে জানানো হয়নি বলে বিচারক মো. আজিজুল হক পুরনো ঢাকার জনসন রোডের এজলাসেই বিচার কাজ শুরু করবেন। (আরও তথ্যসহ ২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2007, 10:26 AM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ব্যবসায়ী আজম জাহাঙ্গীর চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলাটির বিচার শুরু হচ্ছে বুধবার। আসামী পক্ষকে শেরেবাংলা নগরের বিশেষ এজলাসে মামলার শুনানি অনুষ্ঠানের প্রজ্ঞাপন সম্পর্কে জানানো হয়নি বলে বিচারক মো. আজিজুল হক পুরনো ঢাকার জনসন রোডের এজলাসেই বিচার কাজ শুরু করবেন। মামলার অভিযোগ গঠনের জন্য পরবর্তী দিনও ধার্য করা হবে। তবে পরবর্তী শুনানি সংসদ ভবনে স্থাপিত বিশেষ আদালতে হবে বলে জানা গেছে। (আরও তথ্যসহ ২) মামলাটিতে রাষ্ট্রপক্ষের নিয়োগকৃত প্রধান বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এবিএম শরফুদ্দিন আহমেদ খান মুকুল রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,'' মামলার অভিযুক্ত পক্ষের কৌশলীদের প্রজ্ঞাপন সর্ম্পকে জানানো হয়নি বলে বুধবার এজলাস বসবে জনসন রোডে। বিচারক দুই পক্ষের উপস্থিতিতে মামলার অভিযোগ গঠনের পরবর্তী দিন জানিয়ে দেবেন। তবে আসামী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জনসন রোডের এজলাসে হাজির করা হবে না।'' তবে শরফুদ্দিন আহমেদ খান মুকুল বলেন,'' নিরাপত্তাজনিত কারণে সংসদ ভবনে স্থাপিত আদালতেই এ মামলার বিচার কাজ হবে।" এর আগে সন্ধ্যায় অভিযুক্তদের আইনজীবী কামরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,''শেরেবাংলা নগর বিশেষ এজলাসে এ মামলাটির বিচার কাজ শুরু হবে বলে সলিসিটর উইং থেকে যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, তার কপি আমরা এখনো হাতে পাইনি। বিষয়টি আমরা বিচারককে সন্ধ্যায় অবহিত করেছি।'' এদিকে মঙ্গলবার বিকেলে মামলাটি পরিচালনার জন্য সরকারপক্ষে আইনজীবী নিয়োগের খবর জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর উইং। মন্ত্রণালয়ের উপ সলিসিটর মো. সাদিক গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এ মামলাটি পরিচালনার জন্য রাষ্ট্রপক্ষে প্রধান বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসাবে অ্যাডভোকেট এবিএম শরফুদ্দিন আহমেদ খান মুকুলকে নিয়োগ দেয়া হয়েছে। একই সঙ্গে মুকুলকে সহায়তা করার জন্য অ্যাডভোকেট সৈয়দ শামীম আহসান হাবীব শামীম, গোলাম কিবরিয়া, মো. বোরহান উদ্দিন ও মো. শহীদুল ইসলাম সরদারকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। দায়রা মামলা হিসাবেই দায়রা জজ মো. আজিজুল হক বুধবার তিন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি গ্রহণ করবেন। মামলার অপর দুই অভিযুক্ত হলেন হাসিনার বোন শেখ রেহানা ও ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম। শরফুদ্দিন আহমেদ খান মুকুল বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেল হত্যা মামলার অন্যতম আসামি তাহেরউদ্দিন ঠাকুরের পক্ষে মামলা লড়েছেন। ১৮ নভেম্বর মামলাটি বিচারের জন্য অতিরিক্ত মুখ্য মহানগর আদালত থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। ২৬ নভেম্বর আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ঢাকার মহানগর দায়রা জজ, ৫ জন বিশেষ পিপি, মহানগর দায়রা আদালতের বর্তমান পিপি ও বাদি আজম জে চৌধুরীকে অবগতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। ১৩ জুন ব্যবসায়ী আজম চৌধুরী ব্যবসায়িক সুবিধার বিনিময়ে ২ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার ৫ শ' টাকা চাঁদা নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ফুফাতো ভাই সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন। ২০ জুন শেখ সেলিম ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। এ জবানবন্দীর ভিত্তিতে শেখ রেহানাকেও আসামি করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/পিসি/এসএম/এসকে/২০০৩ঘ.