ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ৩৬ বছরের ইতিহাসে বাংলাদেশ এখন সবচেয়ে সঙ্কটময় সময় পার করছে বলে মন্তব্য করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের আবাসিক প্রতিনিধি হুয়া দু।
বাংলাদেশের ওপর এশীয় উন্নয়ন ব্যাংকের ত্রৈমাসিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে হুয়া দু সোমবার তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "বন্যা ও ঘূর্ণিঝড়ের পর বাংলাদেশ সত্যিকার অর্থেই সঙ্কটের দিকে এগিয়ে যাচ্ছে।"
হুয়া দু আরো বলেন, "গত সাড়ে পাঁচ বছর ধরে আমি বাংলাদেশে অবস্থান করলেও স্বাধীনতার পর থেকেই আমি এ দেশের সঙ্গে সম্পৃক্ত। কিন্তু এবার বাংলাদেশকে যে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে তেমনটি আর কখনো দেখিনি।"
তিনি জানান, বন্যা আর ঘূর্ণিঝড়ে বাংলাদেশের কৃষি ব্যবস্থার দারুণ ক্ষতি হয়েছে। বিশেষ করে শস্য, গবাদিপশু, হাঁস-মুরগি ও মাছের খামার চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মূল্যস্ফীতি ও খাদ্য সঙ্কট সরকারের জন্য পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে বলেও মন্তব্য করেন তিনি।
এক প্রশ্নের জবাবে হুয়া দু সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃত ব্যবসায়ীদের মুক্তি দেওয়া হলে ব্যবসা ক্ষেত্রে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে তা ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।
এডিবির এই ত্রৈমাসিক (সেপ্টেম্বর ২০০৭) প্রতিবেদনে বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে চলতি অর্থবছর দেশের অর্থনীতির গতি কিছুটা মন্থর হয়ে পড়তে পারে। পাশাপাশি মোট জাতীয় উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ শতাংশের নিচে নেমে যেতে পারে। গত অর্থ বছরে (২০০৬-০৭) প্রবৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৫ শতাংশ।
এডিবির হিসাবে দুই দফা বন্যায় দেশ প্রায় ১৩ লাখ টন খাদ্যশস্য থেকে বঞ্চিত হয়েছে। আর ১৫ নভেম্বরে আঘাত হানা ঘূর্ণিঝড়ে উপকূলীয় অঞ্চলের ৩৮ শতাংশ আমন ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই ক্ষতি কাটিয়ে উঠতে গেলে বোরো মৌসুমে বাম্পার ফলনের জন্য অপেক্ষা করতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এতে আরো বলা হয়, রপ্তানি কমে যাওয়ায়, ব্যবসায়ীদের মধ্যে আস্থার সঙ্কট তৈরি হওয়ায় এবং সরকারের দুর্নীতি বিরোধী অভিযানের কারণে শিল্প খাতে উৎপাদন কমে যাচ্ছে।
চলতি অর্থ বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে গত অর্থ বছরের ওই সময়ের তুলনায় রপ্তানি কমেছে ৫ দশমিক ৪ শতাংশ।
ঢাকায় এডিবির অর্থনৈতিক বিভাগের প্রধান রিয়াজুল করিম খান বলেন, ত্রাণ কার্যক্রম, খাদ্যশস্য ও সার আমদানি ও সরকারের খাদ্য সহায়তা নির্ভর কর্মসূচি বেড়ে যাওয়ায় সরকারি তহবিলের ওপর চাপ আরো বাড়বে। এসব কারণে বাজেট ঘাটতির পরিমাণ নির্ধারিত ৪ দশমিক ২ শতাংশেরও বেশি হতে পারে।
এতো আশঙ্কার মধ্যেও সরকারের রাজস্ব আদায় কার্যক্রমের প্রশংসা করা হয়েছে এডিবির প্রতিবেদনে। এতে বলা হয়, ২০০৭-০৮ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে আগের অর্থবছরের ওই তুলনায় রাজস্ব আদায় বেড়েছে ২১ দশমিক ৮ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেল ও খাদ্য শস্যের দাম বেড়ে যাওয়ায় সরকারের আমদানি ক্ষমতা হুমকির মুখে রয়েছে। তবে প্রবাসীদের পাঠানো অর্থ এ ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/জেকে/এমএ/১৭৫৬ ঘ.
bdnews24