ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কারাগারে অন্তরীণ মুক্তিযোদ্ধাদের কেন প্রথম শ্রেণীর মর্যাদা দেয়া হবে না সরকারের কছে তার কারণ জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
সরকারের স্বরাষ্ট্র সচিব, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রীপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ও মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যানকে আগামী চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
মুক্তিযোদ্ধা আমিনুল হক ভুইঞার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি মো. ফরিদ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আমিনুল হক তার রিট আবেদনে বলেন, সরকার গেজেট জারি করে মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার আদেশ দিয়েছিল। জীবিত অবস্থায় তাদের প্রাপ্য সম্মান না দিয়ে মৃত্যুর পরে শ্রদ্ধা দেখানো অর্থহীন।
সোমবার হাইকোর্টের শুনানিতে আমিনুল হকের পক্ষে অ্যাডভোকেট ফৌজিয়া করিম ফিরোজ বলেন, একজন মুক্তিযোদ্ধাকে জীবিত অবস্থাতেও সম্মান দেখাতে হবে। বিভিন্ন মামলায় অনেক মুক্তিযোদ্ধা কারাগারে অন্তরীণ রয়েছেন। সেখানে তাদের প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা ও সুযোগ সুবিধা দেয়া হলে মুক্তিযোদ্ধাদের প্রতি যথাযথ সম্মান দেখানো হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জেকে/এমএ/১৬৩৩ ঘ.
bdnews24