ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এনএসআই, আনসার-ভিডিপিসহ কয়েকটি সংস্থার বিভিন্ন পদে কর্মরত সেনা কর্মকর্তাদের কয়েকজনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। একইসঙ্গে নতুন করে কয়েকজন সেনা কর্মকর্তাকে ওইসব পদসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় রোববার এসব নিয়োগ ও প্রত্যাহারের আদেশ দেয়।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) পরিচালক কর্নেল আবদুল মালেককে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। ওই পদে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল তাসাদ্দেক হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ফজলুর রহমান মৃধাকে আনসার ও ভিডিপির উপ-মহাপরিচালকের পদ থেকে প্রত্যাহার করে ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ আনিসুর রহমানকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে। ফজলুর রহমানকে পূর্বপদে ফেরত পাঠানো হয়েছে।
আনসার ও ভিডিপির পরিচালকের পদ থেকে কর্নেল ফারুক আহমেদকে প্রত্যাহার করে কর্নেল মোহাম্মদ হামিদুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে। ফারুক আহমেদকে সেনাবাহিনীর পদে প্রত্যাবর্তনের জন্য সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শাহিদ উল্লাহকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মহাপরিচালক পদে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুর রহমানকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। আর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শফিকুল ইসলামকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে রাজউক উত্তরা মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ কর্নেল একেএম রেজাউল করিমকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে লে. কর্নেল এএসএম মুশফিকুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/০০৩৭ ঘ.
bdnews24