২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ১২০০ বস্তা সার আটক

পাবনার আতাইকুলা বাজারে শনিবার রাত থেকে অভিযান চালিয়ে ১২০০ বস্তা সার আটক করেছে যৌথবাহিনী। এসব সার কালোবাজারে বিক্রির জন্য মজুদ করা হয়েছিল বলে যৌথবাহিনীর কর্মকর্তারা জানায়। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2007, 07:12 AM

Updated : 26 Aug 2022, 08:59 PM

পাবনা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাবনার আতাইকুলা বাজারে শনিবার রাত থেকে অভিযান চালিয়ে ১২০০ বস্তা সার আটক করেছে যৌথবাহিনী। এসব সার কালোবাজারে বিক্রির জন্য মজুদ করা হয়েছিল বলে যৌথবাহিনীর কর্মকর্তারা জানায়। যৌথবাহিনীর পাবনা ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, সার পাচারের খবর পেয়ে শনিবার রাতে মেজর রফিকের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল আতাইকুলা বাজারে অভিযান চালায়। মেজর মোস্তাফিজুর জানান, একটি ট্রাকে ভরে পাচার করার সময় ৪০০ বস্তা এবং গুদামে মজুদ করে রাখা আরো ৫১ বস্তা সার আটক করে। ওই সময় সিরাজ নামে এক সার ডিলারকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে আরো ৭০০ বস্তা সার আটক করা হয় বলে তিনি জানান। মেজর মোস্তাফিজুর জানান, অভিযানে বেশ কিছু নকল সার এবং নকল সার তৈরির সরঞ্জামও আটক করা হয়। এদিকে সার পাচারে ব্যবহৃত ট্রাকের চালক ও সহকারীকে সহায়তা করার অভিযোগে যৌথবাহিনী আতাইকুলা থানার উপ-পরিদর্শক আনিসুর রহমানকে চিহ্নিত করে বলে যৌথবাহিনীর একটি সূত্র জানায়। পরে তাকে আতাইকুলা থানা থেকে প্রত্যাহার করা হয়। পাবনার পুলিশ সুপার মাসুম রব্বানী জানিয়েছেন, আনিসুর রহমানকে প্রত্যাহার করে রোববার জেলা পুলিশ লাইনে নিয়ে আসা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-এর সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, কামারখন্দ উপজেলার নলকা এলাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে চার ব্যাগ ইউরিয়া সার সহ নুর ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে র‌্যাব। ওই সার ডিলারের কাছ থেকে অবৈধভাবে আনা হয়েছিল বলে র‌্যাব কর্মকর্তা মো. শহীদুল্লাহ জানান। নূর আলমের স্বীকারোক্তি অনুযায়ী ওই রাতেই সার বিক্রেতা গোলাম কিবরিয়াকে সিরাজগঞ্জ শহরের দরগা পট্টি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব কর্মকর্তা জানান। এ ঘটনায় কামারখন্দ থানায় একটি মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তারকৃত দুজনসহ সারের ডিলার রোশমি আরা পারভীনকেও আসামি করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২৭ ঘ.