ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রেগুলেটরি রিফর্মস কমিশনের (আরআরসি) প্রধান ড. আকবর আলি খান মনে করেন, ঘূর্ণিঝড়ে সব হারানো মানুষদের বাঁচিয়ে রাখতে এখন অর্থের চেয়ে বেশি প্রয়োজন খাবার। আর তাই দেরি না করে দাতাদেশ ও সংস্থার কাছে এখনই সরকারের জরুরি খাদ্য সাহায্য চাওয়া উচিৎ বলে মত প্রকাশ করেছেন এই সাবেক উপদেষ্টা।
শনিবার দুপুরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর সিনিয়র প্রতিবেদক আবদুর রহিম হারমাছিকে দেওয়া এক সাক্ষাৎকারে আকবর আলি খান ত্রাণ তৎপরতা এবং সরকার ও সাহায্য সংস্থাগুলোর করণীয় সম্পর্কে তার মতামত প্রকাশ করেন।
আকবর আলি খান বলেন, "ক্ষুধার্ত মানুষকে বাঁচিয়ে রাখতে এখন অর্থ সাহায্যের চেয়ে খাদ্য সাহায্য বেশি জরুরি। অর্থ সাহায্য আসলে সেই টাকা কোথায় কীভাবে খরচ হবে তা ঠিক করতেই অনেক সময় লেগে যাবে। তার বদলে খাদ্য সাহায্য পেলে তা দ্রুত দুর্গত মানুষের হাতে পৌঁছানো যাবে।"
সরকারকে খাদ্য সাহায্য চাওয়ার পরামর্শ দিয়ে সাবেক সচিব বলেন, ''খাদ্য আমদানির মতো যথেষ্ট সম্পদ আমাদের নেই। তাছাড়া আমদানি করতে ঋণপত্র খোলাসহ বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে অনেক সময় লেগে যায়। কিন্তু অসহায় লাখ লাখ মানুষকে বাঁচাতে এখনই বিপুল পরিমাণ খাবার দরকার। সে কারণে আর দেরি না করে সরকারের উচিৎ এ মুহূর্তেই দাতাদেশ ও সংস্থাগুলোর কাছে জরুরি খাদ্য সাহায্য চাওয়া।''
তিনি আরো বলেন, ''আমি বলছি না যে, অর্থ সাহায্যের প্রয়োজন নেই। ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্বাসনের জন্য অবশ্যই অর্থ সাহায্যের দরকার আছে। তবে এ মুহূর্তে সবচে বেশি দরকার খাদ্য।''
দেশ বড় ধরনের খাদ্য ঘাটতির দিকে এগিয়ে যাচ্ছে- এই আশঙ্কা প্রকাশ করে আকবর আলি খান বলেন, "এমনিতেই দেশে খাদ্য সঙ্কট ছিল। এরপর এই প্রলয়ঙ্করী দুর্যোগে আমন ধানসহ সব ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় আমরা যে বড় ধরনের খাদ্য ঘাটতির দিকে যাচ্ছি, তা নিশ্চিত করে বলা যায়।"
আপাতত খাদ্য সাহায্য এনে দুর্গত এলাকার মানুষদের প্রাণে বাঁচানো গেলেও কৃষিখাতের ক্ষতি পুষিয়ে নিতে এখনই সরকারের উদ্যোগী হওয়া দরকার বলে মনে করেন আকবর আলি খান। আর এ জন্য পুরনো ঋণ তোলার বদলে কৃষকদের মাঝে নতুন করে ঋণ পৌঁছে দেয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
আরআরসি প্রধান বলেন, "ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষি খাতের ক্ষতি পুষিয়ে নিতে পুরনো ঋণ আদায় কার্যক্রম আপাতত স্থগিত রেখে কৃষকদের হাতে দ্রুত নতুন ঋণ পৌছে দেয়া দরকার। পাশাপাশি ছোট-বড় ব্যবসায়ীদের আগের ঋণের হিসাব আলাদা রেখে নতুন ঋণের ব্যবস্থা করতে হবে। এছাড়া এনজিওসহ ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থাগুলোর সব ধরনের ঋণের কিস্তি আদায় একটি নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা দরকার।"
তিনি আরো বলেন, ''পুরনো ঋণ যাতে কোনো অবস্থাতেই নতুন ঋণ পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না করে সে বিষয়টি সরকার ও বাংলাদেশ ব্যাংককে কঠোরভাবে মনিটর করতে হবে। যাদের নামে পুরনো ঋণ আছে তারাও যাতে প্রয়োজনীয় কৃষি ঋণ পায় তা নিশ্চিত করতে হবে।''
পুরনো কৃষি ঋণ বা সুদ মওকুফ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আকবর আলি খান বলেন, ''কৃষি ঋণ বা ঋণের সুদ মাফ করে দেওয়া একটি কঠিন বিষয়। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে এর ফলে ব্যাংকগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়। আপাতত মওকুফের কথা না ভেবে কৃষকরা যাতে তাদের দরকারি ঋণটা পায় সে দিকেই বেশি গুরুত্ব দিতে হবে।''
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা দেয়ার বিষয়ে তিনি বলেন, ''যেসব ব্যবসায়ী ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করছেন ব্যাংকগুলোর স্বার্থেই তাদের নতুন করে ঋণ দেয়া উচিৎ। এতে করে তারা নতুন উদ্যমে কাজ শুরু করে নতুন ও পুরনো ঋণ পর্যায়ক্রমে শোধ করে দিতে পারবে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক একটি নীতিমালা করে দিলে ভালো হয়।''
ক্ষুদ্র ঋণ প্রসঙ্গে ড. খান বলেন, ''এ ব্যাপারেও কৃষি ঋণের মতো নীতি অনুসরণ করা যেতে পারে। অনেক ক্ষদ্র ব্যবসায়ী বিভিন্ন এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসা করে আসছিলেন। তাদেরকে নতুন করে শুরু করার সুযোগ দিতে হবে। এজন্য এনজিওগুলোর সব ধরনের ঋণের কিস্তি আদায় একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ রাখতে হবে। এক্ষেত্রে এনজিও ফাউন্ডেশন ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে এনজিও রেগুলেটরি অথরিটিকে তদারকির দায়িত্ব নিতে হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এমএ/১৯৩০ ঘ.
bdnews24