২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে অপহৃত শিশু সাভারে উদ্ধার, গ্রেপ্তার ১

অপহরণের দুই দিন পর মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পুনাইল গ্রামের বাচ্চু মিয়ার তিন বছরের মেয়ে রূপাকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারী দলের এক সদস্যকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2007, 01:08 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

মানিকগঞ্জ, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অপহরণের দুই দিন পর মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পুনাইল গ্রামের বাচ্চু মিয়ার তিন বছরের মেয়ে রূপাকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারী দলের এক সদস্যকে। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, রূপাকে শুক্রবার রাতে সাভারের জামগড়া এলাকা থেকে উদ্ধার করা হয়। ওই সময় গ্রেপ্তার করা হয় আলেকা বেগম নামে অপহরণকারী দলের এক সদস্যকে। আলেকা বেগম সংঘবন্ধ শিশু পাচারকারী দলের সদস্য বলে পুলিশ ধারণা করছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে বলে ওসি হাবিবুর জানান। অপহৃত শিশুর বাবা বাচ্চু মিয়া সাংবাদিকদের বলেন, "পূর্ব পরিচয়ের সূত্র ধরে মঙ্গলবার আলেকা বেগম আমাদের বাড়ি আমে। রাতে বাড়িতেই ছিল। বুধবার সকালে দোকানে যাবার কথা বলে রূপাকে নিয়ে সটকে পড়ে।" খোঁজাখুঁজি করে মেয়েকে না পেয়ে বাচ্চু মিয়া সাটুরিয়া থানায় জানায়। এরপর পুলিশ রূপার আত্মীয়-স্বজনদের সঙ্গে নিয়ে শুক্রবার রাতভর সম্ভাব্য বিভিন্ন জায়গায় অভিযান চালায়। ওসি হাবিবুর জানান, ভোররাতের দিকে সাভারের জামগড়া এলাকার মো. হান্নানের বাড়ি থেকে আলেকাকে গ্রেপ্তার করা হয়। পরে আলেকার স্বীকারোক্তি অনুযায়ী পাশের বাড়ির আবদুল মান্নানের ঘর থেকে রূপাকে পাওয়া যায়। আলেকা সাংবাদিকদের জানায়, তার স্বামী জামাল হোসেনের পরিচিত পিন্টু নামে এক যুবকের কথামতো সে রূপাকে অপহরণ করে নিয়ে আসে। এর বিনিময়ে সে ৫ হাজার টাকা পারিশ্রমিক পেতো। রূপাকে নিয়ে যাবার পর পিন্টুর সঙ্গে যোগাযোগ না হওয়ায় সে রূপাকে বাড়ির পাশে ছেড়ে দেয়। তখন কুড়িয়ে এনে শিশুটিকে আশ্রয় দেয় হান্নানের ভাই মান্নান। পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আলেকা বেগম সংঘবন্ধ শিশু পাচারকারী দলের সদস্য বলে ধারণা করছি। তার কাছ থেকে অপহরণের প্রকৃত রহস্যসহ আরও গুরুত্বপূর্ণ তথ্য বের করার জন্য রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০৩ ঘ.