২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চর হেয়ারের মৃত্যু উপত্যকায়

"ছার ওই যে ভিডাটা দ্যাহেন ওইহানে আছিল সালাম খাঁর বাড়ি। পুক্ত (মজবুত) ওই বাড়ি তুফানে ভাইস্যা যাইতে পারে চরের কেউ তা ভাবে নাই। সেইজইন্য তুফানের রাইতে দুইশ'র মতো মানুষ ওইহানে আশ্রয় লয়। বাড়ির লগে লগে হ্যারা সব ভাইস্যা গ্যাছে।" ঘূর্ণিঝড় সিডর এর তাণ্ডবের শিকার পটুয়াখালীর গলাচিপার চর হেয়ার এর অবস্থা জানাচ্ছেন সঞ্জয় দে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2007, 12:55 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

পটুয়াখালী, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গলাচিপা উপজেলা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের বুকে ছোট একটি চরের নাম চর হেয়ার। সরকারিভাবে এর নাম চর হেয়ার হলেও গলাচিপা উপজেলার সর্বত্র এর নাম চর কলাগাছিয়া। ঘূর্ণিঝড় সিডর এর আঘাতে গলাচিপা উপজেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার একটি চর কলাগাছিয়া। জলোচ্ছ্বাসে এখানে নিহত হয়েছে অন্তত ৫০০ মানুষ। ঘূর্ণিঝড় সিডর এর তাণ্ডবের শিকার পটুয়াখালীর গলাচিপার চর হেয়ার এর অবস্থা জানাচ্ছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর সঞ্জয় দে। গলাচিপা আসার পর থেকে লোকজনের কাছ থেকে শুনতে পাই 'তুফানে ক্ষয়ক্ষতি দেখতে চাইলে কলাগাছিয়া চলে যান।' তাদের কথা শুনে বৃহস্পতিবার সকালে ট্রলারে রওনা হই চরটিতে। প্রায় ৬ ঘণ্টা উত্তাল ঢেউয়ের মাঝে নেচে নেচে ট্রলার পৌঁছে প্রায় ৪ বর্গ মাইলের এক বিরান ভূমিতে। দু একজন মানুষের সঙ্গে কথা বলে জানা গেলো এটিই সেই বিধ্বস্ত চর কলাগাছিয়া। চারপাশে প্রচণ্ড দুর্গন্ধে নাক চাপা দিতে হয়। স্থানীয় মৎস্যজীবী আতাউল সরদার জানান, গতকালও (বুধবার) ১২টি লাশ মাটি চাপা দিয়েছেন তারা। ট্রলার থেকে নামতেই পথ আগলে আছে মৃত কিছু গবাদি পশু। কাকগুলো মাংস খেয়ে নেওয়ায় এখন সেগুলোর কঙ্কাল পড়ে আছে। কোনো মতেই পাশ কেটে ঢুকে যাই চরের গভীরে। দেখা হয়, দোকানদার হক মিয়ার (২৫) সঙ্গে। তিনি বলেন, "তুফানের রাইতে একটা বাচ্চা আর পরিবাররে (স্ত্রী) নিয়া কাইজ্যা গাছের (কেওড়া) মাথায় লটকাইয়া ছিলাম। তাই বাচঁতে পারছি। অন্যরা হেই রাইতে কই ভাইস্যা গ্যাছে কইতে পারি না।" একটু উঁচু মাটি দেখিয়ে তিনি বলেন, "এইহানে আমার ঘর আছিল। কিছুই আর খুঁইজা পাই নাই।" হক মিয়ার মতো চর কলাগাছিয়ায় প্রায় ৫ শতাধিক বাড়ি ঘর ছিল। এখন সেখানে কেবল বিরান ভূমি। সবচেয়ে আতঙ্কের খবরটি পাওয়া গেলো স্থানীয় চাষী আবদুর রশীদ হাওলাদারের (৫০) কাছ থেকে। একটি দূরে উঁচু একটি মাটির ঢিবি দেখিয়ে তিনি বললেন, "ছার ওই যে ভিডাটা দ্যাহেন ওইহানে আছিল সালাম খাঁর বাড়ি। পুক্ত (মজবুত) ওই বাড়ি তুফানে ভাইস্যা যাইতে পারে চরের কেউ তা ভাবে নাই। সেইজইন্য তুফানের রাইতে দুইশর মতো মানুষ ওইহানে আশ্রয় নেয়। বাড়ির লগে লগে হ্যারা সব ভাইস্যা গ্যাছে।" "সালাম খাঁর পরিবার আছিল চালের ওপরে। চাল গিয়া কাইজ্যা বনে আটকাইয়্যা যাওয়ায় তার পরিবারের চার-পাঁচ জন ছাড়া আর কারোর খোঁজ আমরা এহনো পাই নাই। " আবদুর রশীদের কথা বিশ্বাস হয় না। ভিটির কাছে গিয়ে বলি, সত্যি এখানে বাড়ি ছিল! আশপাশের লোকজন এসে আবদুর রশীদের কথার সত্যতা নিশ্চিত করেন। বাড়ির একপাশের জলায় খুঁজে পাই সালাম খাঁর বহু ব্যবহৃত টেলিভিশনের পিকচার টিউব। পৃথিবীর সঙ্গে পুরো চরের একমাত্র যোগাযোগের মাধ্যম ছিল এই টেলিভিশনটি। ব্যাটারি চালিত টেলিভিশনের মাধ্যমে আবহাওয়ার খবর জানতে চরে আসতেন বিভিন্ন জায়গার জেলেরা। সালাম খাঁকে পাওয়া গেল না। ঝড়ের পর দিনই ভয়ে আতঙ্কে পরিবার নিয়ে চলে গেছেন প্রায় ১০ কিলোমিটার দূরের রাঙ্গাবালিতে। আমাকে দেখেই ছুটে আসেন ঝড়ের কবল থেকে বেঁচে যাওয়া জনা পঞ্চাশেক মানুষ। তাদের ধারণা আমি রিলিফের জন্য নাম নিতে এসেছি। এদেরই একজন আলেয়া বেগম (৪০)। ঝড়ের রাতে তার স্বামী আবদুর রব নিহত হন। আলেয়া বলেন, "ছার আমার নামডা ইটটু ল্যাহেন। বইন্যার পর মঙ্গলবার সেনাবাহিনী মোরে মুড়ি আর ৫ কেজি চাইল দিছে। মোর ঘরবাড়ি কিছু নাই। রাইতে জাড়ে (শীতে) থাকতে পারি না। পরনের কাপড় ছাড়া তুফান থিকা কিছু বাচাইতে পারি নাই।" নিজের পরিচয় জানিয়ে ত্রাণ বিতরণে অক্ষমতার কথা বলি। তাতেও হাল ছাড়ে না চরের নিঃস্ব মানুষের দল। আতাউল সরদার বলেন, "সাম্বাদিক সাব আমাগো অবস্থাডা সরকাররে ইটটু জানান। চরের চাইরধারে কোনো বান্ধ (বাধ) নাই। প্রায় দুই বছর আগে চেয়ারম্যানরে কইছিলাম একটা টিলা (উঁচু মাটির ঢিবি) বানাইয়া দিতে। হেইডা থাকলেও কিছু মানুষ বাঁচতো, গরু মহিষগুলারেও তাতে রাখতে পারতাম। এহনতো মোগো কিছুই নাই।" সতর্ক সংকেত পেয়েও কেন আপনারা এখান থেকে যাননি জিজ্ঞেস করে বোকা সাজতে হলো। চারদিক থেকে চরের মানুষরা জানায় কোথায় যাবে তারা ? সেখান থেকে সবচেয়ে কাছের সাইক্লোন সেন্টারটিতে পৌঁছাতেও ট্রলারে সময় লাগে প্রায় দুই ঘণ্টা। ঘূর্ণিঝড়ের রাতে অসহায় অবস্থায় শয়ে শয়ে নিহত হয়েছে চর কলাগাছিয়ার মানুষ। বুধবার ১২টি লাশ উদ্ধার করা হয়েছে চরের একপাশে ঘন কেওড়া বন থেকে। রেড ক্রিসেন্ট কর্মীদের সহায়তায় লাশগুলো বন থেকে নিয়ে এসে মাটি চাপা দেন রাঙ্গাবালির উত্তরী পাড়া গ্রামের জসিম হাওলাদার। মাছ ধরতে প্রায় তিনি চলে আসেন চর কলাগাছিয়ায়। জসিম বলেন, "কাইজ্যা বনের ভিতরে কাইলও অনেক লাশ দেখছি। ভাই হেগুলানের চ্যাহারা চিনার উপায় নাই। যেইগুলা কোনো মতে উঁচা করা যায় হেইগুলাই কেবল সিনার উপরে ফালাইয়া আনছি। রেড ক্রিসেন্টের লোকগুলা হেই লাশে ওষুধ ছিটাইয়া হের পর মাটি চাপা দিছে। দূরের কেওড়া বনের দিকে তাকিয়ে আতঙ্কে গা ছেয়ে যায়। চরবাসী জানায়, তারাও এখন আর ওই বনে ঢুকেন না। ঝড়ের পর থেকে আতঙ্ক তাড়া করে ফিরছে তাদেরও। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএনডি/এমএআর/এমএ/১৮৫০ ঘ.