২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি আইন ভঙ্গের মামলায় জামিন পেলেন হান্নান শাহ

জরুরি আইন ভাঙার মামলায় বিএনপি নেতা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহকে তিন সপ্তাহের জামিন দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে এ মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না সরকারকে দুই সপ্তাহের মধ্যে তার কারণ জানাতে বলেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2007, 07:04 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জরুরি আইন ভাঙার মামলায় বিএনপি নেতা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহকে তিন সপ্তাহের জামিন দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে এ মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না সরকারকে দুই সপ্তাহের মধ্যে তার কারণ জানাতে বলেছে আদালত। হান্নান শাহর আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মুহম্মদ আবদুল হাফিজের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। গত ৭ নভেম্বর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে বিএনপির দুই গ্র"পের মধ্যে সংঘর্ষ এবং দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান লাঞ্ছিত হওয়ার ঘটনায় জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে পুলিশ হান্নান শাহসহ ছয় জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা করে। ওই রাতেই হান্নান শাহকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে তিন দিনের রিমান্ডে নেয় তেজগাঁও থানা পুলিশ। গত রোববার হান্নান শাহ মামলাটির কার্যক্রম বাতিল এবং জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। বৃহস্পতিবার এ মামলার শুনানিতে হান্নান শাহর আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক আদালতকে বলেন, "সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করার জন্য হান্নান শাহকে গ্রেপ্তার করা হয়েছে।" অন্যদিকে সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ বলেন, "হান্নান শাহ কেবল জামিনের আবেদন জানাতে পারেন। মামলা বাতিলের আবেদনের মধ্যে জামিন চাওয়া তার ঠিক হয়নি।" শুনানি শেষে আদালত হান্নান শাহর জামিন মঞ্জুর করলেও মামলাটি বাতিলের আবেদন খারিজ করে দেয়। হান্নান শাহর অপর আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "হান্নান শাহ এ নিয়ে মোট ছয়টি মামলায় জামিন পেলেন। এখন তার মুক্তিতে আর কোনো বাধা নেই।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জেকে/এমএ/১২৫৩ ঘ.