ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শুল্কমুক্ত কোটায় গাড়ি এনে বিক্রি করে দেওয়ার মামলায় বিএনপির সংস্কারপন্থী নেতা বলে পরিচিত সাবেক হুইপ আশরাফ হোসেন বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
দুর্নীতি দমন কমিশন ৫ জুন এই মামলায় দায়ের করে। মঙ্গলবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। মামলার অপর আসামীরা হলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধরী ও ওরিয়ন গ্র"পের ওবায়দুল করিম, হারিছ চৌধুরীর শ্যালক মামুন আহম্মেদ ওরফে মাসুদ ও তার গাড়ি চালক মো. সালাম। মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয় ১৩ নভেম্বর।
মঙ্গলবার ঢাকা মহানগর বিশেষ জজ আদালতে আশরাফ হোসেনসহ অপর আসামীদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দেওয়ার পর বিচারক মো. আজিজুল হক তাদের অস্থাবর সম্পত্তি ক্রোকের এ নির্দেশ দেন।
বৃহস্পতিবার দুপুরে আশরাফ হোসেন বিশেষ জজ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট খালেদা বেগম লিপি জামিন আবেদন করলে আদালত তা না-মঞ্জুর করে কারাগারে প্রেরণ করার আদেশ দেয়। একই সঙ্গে আদালত কারা বিধি অনুযায়ী আসামীকে ব্যবস্থা প্রদান ও সুচিকিৎসার ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে আদেশ দেয়।
মামলার অভিযোগপত্রে বলা হয়, ওবায়দুল করিম গুলিস্তান-যাত্রাবাড়ি ফ্লাইওভার নির্মাণকাজ ও অন্য আরও বিষয়ে সহায়তা পাওয়ার জন্য হারিছ চৌধুরীকে ঘুষ হিসাবে নতুন ব্রান্ডের ২০০৫ মডেলের একটি টয়োটা ইনফিনিটি গাড়ি দেন। বিএনপির সাবেক হুইপ আশরাফ হোসেনের নামে সাংসদ কোটায় শুল্কমুক্ত গড়িটি আমদানির জন্য যাবতীয় কাগজপত্র তৈরি করা হয়। ওবায়দুল করিম গাড়ি আমদানির যাবতীয় খরচ দেন। অবৈধভাবে গাড়ি আমদানিতে সহায়তা করে আশরাফ হোসেন আর্থিকভাবে লাভবান হন।
অভিযোগে আরো বলা হয়, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর হারিছ চৌধুরী তার শ্যালক মামুন আহম্মেদ ওরফে মাসুদ মাধ্যমে গাড়িটি বিক্রির চেষ্টা চালান। গাড়িটি বিক্রি করতে পারলে হারিছের গাড়ি চালক সালাম পাঁচ লাখ টাকা পাবে এ আশ্বাসে ক্রেতা খুঁজতে থাকে। এ সময় ২৭ ফেব্র"য়ারি রাতে পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা গ্রিনরোড ষ্টাফ কোয়ার্টার এলাকা থেকে গাড়িটি জব্দ করে।
গাড়ি জব্দের ঘটনায় ৫ জুন ধানমণ্ডি থানার উপপরিদর্শক আবদুল হাই একটি মামলা দায়ের করেন।
এ মামলায় মাসুম ও সালাম বর্তমানে কারাগারে আছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসএম/জিএনএ/১২৪০ ঘ.
bdnews24