ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নানা কর্মসূচির মধ্যদিয়ে বুধবার পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস।
দিনের শুরুতে ১৯৭১ এ স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ। এ ছাড়া সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ, নৌ বাহিনী প্রধান ভাইস এডমিরাল সরওয়ার জাহান নিজাম ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমানও শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। কর্মসূচির অংশ হিসেবে দেশের কল্যাণ সমৃদ্ধি ও সশস্ত্র বাহিনীর উন্নতি ও অগ্রগতির জন্য বিশেষ মোনাজাতেরও আয়োজন করা হয়।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের সশ্রস্ত্র বাহিনী বিভাগে বীর শ্রেষ্ঠদের উত্তরাধিকারী ও খেতাবপ্রাপ্ত এবং তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেন রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ। এ ছাড়া ঢাকার বাইরে দেশের অন্যান্য সেনা গ্যারিসন, নৌ জাহাজ ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএল/এমএ/১৭৪৯ ঘ.
bdnews24