নাটোর, নভেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রতারণার মাধ্যমে এক ব্যবসায়ীর সাড়ে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাজশাহীর পুঠিয়া-দুর্গাপুর আসন থেকে নির্বাচিত সাবেক বিএনপি সাংসদ নাদিম মোস্তফা, তার স্ত্রী নূরুন্নাহার পারুলসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
নাটোরের একটি ইটভাটার মালিক আলী হোসেনের দায়ের করা ওই মামলায় মঙ্গলবার নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন।
এইচএসসি ইট ভাটার মালিক আলী হোসেন ১০ লাখ ৪৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে গত ৭ জুলাই মামলাটি দায়ের করেন। তাতে নাদিম দম্পতি এবং তাদের ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক শাহীন আলীকে আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, আসামিদের মালিকানাধীন 'বিজয় কনস্ট্রাকশন ফার্ম' বাদির ইটভাটা থেকে বিভিন্ন সময় বাকিতে ইট কিনতো। এক পর্যায়ে ১০ লাখ ৪৮ হাজার টাকা বকেয়া হলে বাদি টাকা চাইলে নূরুন্নাহার রাজশাহীর বেসিক ব্যাংকের হিসাবে পাঁচ লাখ টাকার একটি চেক দেয়। কিন্তু ওই চেক ফেরত আসে। চলতি বছরের শুরুতে পুনরায় ওই টাকা চাইলে আসামিরা টাকা দিতে অস্বীকৃতি জানায়।
তদন্তকারী কর্মকর্তা মামুন জানান, তদন্তে বাদির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাই তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে। আসামিরা পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
সাবেক সাংসদ নাদিম মোস্তফার বিরুদ্ধে জঙ্গি মদদ, চাঁদাবাজি, সন্ত্রাসের অভিযোগে আটটি মামলা বিচারধীন রয়েছে। তবে ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে দায়ের করা একটি মামলা থেকে তিনি খালাস পেয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২৬ ঘ.
bdnews24