ইসলামী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীবাহী একটি বাস ঝিনাইদহ থেকে ক্যাম্পাসে আসার পথে মঙ্গলবার সকালে দুর্ঘটনায় পড়ে। এতে ৯ ছাত্রী আহত হয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয় স্কুলের এক ছাত্রীর অবস্থা গুরুতর।
আহত ছাত্রী রাষ্ট্রনীতি ও লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী উম্মে সালমা সাংবাদিকদের জানান, সকাল ৮টার দিকে মদডাঙ্গা এলাকায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীবাহী ভাড়া করা বাসটির সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী অপর একটি বাসের ধাক্কা লাগে। এতে ছাত্রীবাহী বাসটির বাম পাশের কয়েকটি কাঁচ ভেঙ্গে যায় এবং বাসের ওই পাশে বসা ছাত্রীরা ছিটকে বিপরীত দিকে পড়ে। এতে ৯ ছাত্রী কম-বেশি আহত হয়।
দুর্ঘটনায় উম্মে সালমা নিজেও আহত হন। তিনিসহ আহত শাফিয়া খাতুন (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ২য় বর্ষ), রাবিয়া সুলতানা (গণিত ১ম বর্ষ), টুম্পা (হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি ২য় বর্ষ), মণীষা (অথনীতি ১ম বর্ষ), শারমিন নাহার (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ২য় বর্ষ), হোসনে আরা আফরোজ (রসায়ন বিভাগ ১ম বর্ষ), শামীমাকে (গণিত বিভাগ ১ম বর্ষ) ইসলামী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেয়া হয়।
গুরুতর আহত ইসলামী বিশ্ববিদ্যালয় স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান দিশাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০২ ঘ.
bdnews24