২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মসমর্পণের পর সাবেক আ. লীগ সাংসদ হাবিব মোল্লা কারাগারে

কর ফাঁকির মামলায় অভিযুক্ত সাবেক আওয়ামী লীগ সাংসদ হাবিবুর রহমান মোল্লাকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাবিবুর রহমান মোল্লা ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2007, 07:09 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির মামলায় অভিযুক্ত সাবেক আওয়ামী লীগ সাংসদ হাবিবুর রহমান মোল্লাকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাবিবুর রহমান মোল্লা ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। সংক্ষিপ্ত শুানানি শেষে বিচারক মো. আজিজুল হক জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। শুনানিতে সাবেক সাবেক সাংসদের পক্ষে আইনজীবী মো. ফারুক হোসাইন অংশ নেন। শুনানি শেষে বেলা ১২টা ২৫ মিনিটের দিকে তাকে প্রিজন ভ্যানে করে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। আদালতের পেশকার শাহাদাৎ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, শুনানির সময় তাকে ডিভিশন দেওয়ার আবেদন জানানো হয়। তিনি সাবেক সাংসদ বলে আদালত মৌখিকভাবে তার ডিভিশনের প্রার্থনা মঞ্জুরও করেছেন। লিখিত আদেশ পরে দেওয়া হবে। ঢাকা-৪ আসনের আওয়ামী লীগের সাবেক এই সাংসদ হাবিব ফুড অ্যান্ড অ্যালাইড ইন্ডাস্ট্রিজ লি. নামে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ১৮ নভেম্বর রোববার ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনে একই আদালতে জাতীয় রাজস্ব বোর্ডের উপ কর কমিশনার মো. গোলাম কবির একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, হাবিবুর রহমান মোল্লা ১৯৯৬-৯৭ কর বর্ষ থেকে ২০০৬-০৭ কর বর্ষ পর্যন্ত এক কোটি ২৯ লাখ ৭১ হাজার ৬০ টাকার সম্পদ বিনিয়োগ করে আয়ের তথ্য গোপন করেছেন। তিনি এর উপর প্রযোজ্য ৪৫ লাখ ৪১ হাজার ৯৫০ টাকার কর ফাঁকি দিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/জিএনএ/১২৫০ ঘ.