ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের নীচ থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় জাহাঙ্গীর আলম খান নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
খিলগাঁও থানার কর্তব্যরত কর্মকর্তা উপ পরিদর্শক বেলাল হোসেন জানান, কলাবাগানের বাসিন্দা জাহাঙ্গীর আলম রোববার রাতে বাসায় ফেরার পথে নিখোঁজ হয়। পরে ওই রাতেই খিলগাঁও ফ্লাইওভারে নীচ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। তার গলায় গামছা প্যাঁচানো ছিল।
বেলাল হোসেন জানান, বসুন্ধরা সিটিতে নিহত জাহাঙ্গীরের একটি দোকান রয়েছে। তার বড়বোন আকলিমা আক্তার ঝর্ণা খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে সোমবার দুপুরে নিহতের লাশ তার বাসায় নিয়ে যান পরিবারের সদস্যরা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএআর/জেকে/২৩৫৮ ঘ.
bdnews24