বরিশাল, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সনদ নবায়ন না করায় মেয়র মজিবর রহমান সরোয়ারসহ বরিশালের ৪৫ জন আইনজীবীর সদস্যপদ স্থগিত করেছে বার কাউন্সিল।
এই ৪৫ জনের তালিকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বরিশাল আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান, সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সরোয়ার্দী জেকব ও এজিপি কোব্বাত হোসেনেরও নাম রয়েছে।
সোমবার বরিশাল আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম মাসউদ বাবলু বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "নবায়ন না করায় সমিতির ৪৫ সদস্যের বার কাউন্সিল সনদ স্থগিত করা হয়েছে। তাদের সদস্যপদ স্থগিতের নোটিশ সোমবার বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে।"
সমিতির সভাপতি দিলিপ কুমার ঘোষ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বার কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী, আইনজীবীদের প্রতি বছর সনদ নবায়ন করার কথা। কিন্ত ওই ৪৫ আইনজীবী ৫ বছরের বেশি সময় ধরে সনদ নবায়ন করেননি। এ বাবদে তাদের মোট সাড়ে পাঁচ লাখ টাকা বকেয়া হয়েছে।"
বার কাউন্সিলের নোটিশের বরাত দিয়ে দিলিপ কুমার জানান, সনদ নবায়ন ফি জমা দিয়ে ওই আইনজীবীরা ফের বার কাউন্সিল থেকে সনদ তুলতে পারবেন।
জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রাজন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার সনদ স্থগিত হওয়ার কথা শুনেছি। তবে কোনো চিঠি পাইনি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৩২ ঘ.
bdnews24