ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নিজেদের 'বাংলাদেশি বিহারি' পরিচয় দিয়ে এদেশে আটকেপড়া ১০ থেকে ১২ লাখ লোককে ভোটাধিকার ও নাগরিকত্ব দাবি করেছে একটি সংগঠন।
সোমবার 'বাংলাদেশি বিহারি পুনর্বাসন সংসদ' (বিবিআরএ) নেতারা এ দাবি জানান।
জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিবিআরএ'র পৃষ্ঠপোষক নেয়াজ আহম্মেদ খান বলেন, "বাংলাদেশে অবস্থান করা বিহারিরা পাকিস্তান সৃষ্টির পর অর্থাৎ ১৯৪৭ সাল থেকে এ সমাজের মূল স্রোতধারায় মিলেমিশে জীবনযাপন করছেন। দেশের ৭৬ টি শিবিরের সব বিহারি বাংলাদেশের সংবিধান, আইন ও আন্তর্জাতিক সনদ অনুযায়ী এ দেশের নাগরিক।"
নেয়াজ খান নিজেদের আটকেপড়া পাকিস্তানি পরিচয় না দিয়ে 'বাংলাদেশি বিহারি' হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন উল্লেখ করে বলেন, "১৯৯২ সালের পর বাংলাদেশে আর আটকেপড়া পাকিস্তানি নেই।"
তিনি বলেন, "গত ৯ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিহারিদের ভোটার করার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেয়। কিন্তু আইন মন্ত্রণালয় এই বিষযটি ঝুলিয়ে রেখেছে। এর ফলে অনেকেই ভোটার তালিকার নাম উঠাতে নিবন্ধন করতে পারছেন না।"
১৯৭১ সালে পাকিস্তানিদের আচরণ কিভাবে দেখছেন এ প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে উপস্থিত বিবিআরএ'র অপর পৃষ্ঠপোষক নুরুন্নাহার রিনা বলেন, "আমরা বাংলাদেশের নাগরিক। দেশের অন্য নাগরিকরা যেভাবে এই বিষয়টাকে ঘৃণা করেন আমরাও সেভাবে ঘৃণা করি।"
তিনি বলেন, "শিবিরের বিহারিরা বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেনি। তারা দেশের নাগরিকত্ব বা দেশত্যাগ করেনি। দেশের ভেতর কোন রকম বিদ্রোহ বা পৃথক রাষ্ট্র কায়েমের চেষ্টা করেনি। তাছাড়া ১৯৭১ সালের পর থেকে সরকার আজ পর্যন্ত বিহারিদের নাগরিকত্ব হরণ করে কোন আইন বা অধ্যাদেশ প্রণয়ন করেনি।"
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিবিআরএ'র সভাপতি কাউসার আহম্মেদ বুলু, সাধারণ সম্পাদক মো. হানিফ, সাবেক সভাপতি মো. জাহিদ, সহ-সভাপতি জিন্নাতি সায়েদ, লিয়াকত আলী, মো. আলী প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএআর/এমএসবি/এমএইচবি/২৩২০ ঘ.
bdnews24