চট্টগ্রাম, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - হাটহাজারী উপজেলায় এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে মোহাম্মদ শাহজাহান নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এম এ নুর এ রায় দেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি আবদুল হককে বেকসুর খালাস দেওয়া হয়।
মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী ফজলুল করিম ভূঁইয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, "ছয়জনের সাক্ষ্য নেওয়ার পর শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ সাজা দিয়েছে।"
মামলার এজাহারে বলা হয়, ২০০১ সালের ১৭ ফেব্র"য়ারি সন্ধ্যায় ওই কিশোরী রিকশা করে খালার বাড়ি যাওয়ার পথে হাটহাজারীর শিকারপুর এলাকায় এলে শাহজাহান তাকে ধরে নিয়ে যায় ও ধর্ষণ করে।
একই বছরের ১ এপ্রিল মোহাম্মদ শাহজাহান ও আবদুল হকের বিরুদ্ধে হাটহাজারী থানায় একটি মামলা করে সে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/এমএসবি/২২৩৫ ঘ.
bdnews24