রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাবির গাড়ি পোড়ানোর মামলায় অভিযুক্ত দুই শিক্ষক দাবি করেছেন, তারা বিশ্ববিদ্যালয়ের একটি মহলের চক্রান্ত ও দুরভিসন্ধির শিকার। রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডেই তারা জড়িত ছিলেন না।
গত আগস্টে ছাত্র বিক্ষোভের সময় সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) গাড়ি পোড়ানোর মামলায় সোমবার আসামি পরীক্ষা হয় রাজশাহীর অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের আদালতে।
ফৌজদারি কার্য বিধির ৩৪২ ধারায় আসামি পরীক্ষার সময় আদালতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য দেন।
মামলায় সাফাই সাক্ষ্যের জন্য আগামী ২১ নভেম্বর পরবর্তী দিন ধার্য করা হয়েছে। এ মামলায় মোট ২১ জনের সাক্ষ্য গ্রহণ নেয়া হয়।
অভিযুক্ত শিক্ষক রাবির ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহান সজল এবং গোলাম সাব্বির সাত্তার তাপু আত্মপক্ষ সমর্থনের সময় আদালতকে জানান, জরুরি বিধিমালা ভঙ্গ ও ডিজিএফআইয়ের গাড়ি পোড়ানোর সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। বিশ্ববিদ্যালয়ের একটি চিহ্নিত মহলের চক্রান্ত ও দুরভিসন্ধির কারণে এ মামলায় তাদের আসামি করা হয়েছে।
উন্নয়ন, শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে নিজেদের অবদানের কথা তুলে ধরে দুই শিক্ষকই আদালতে বলেন, তারা রাষ্ট্রবিরোধী কোনো কাজে জড়িত নন। ঘটনার দিনও মোবাইলে তারা কোনো উস্কানীমূলক কথোপকথন করেননি।
উভয় শিক্ষক জানান, রাবি শিক্ষক ড. তাহের হত্যা মামলায় তারা অন্যতম সাক্ষী। ওই মামলা প্রভাবিত করার জন্যই তাদের আসামি করা হয়েছে বলে দাবি করেন তারা।
মামলার অপর আসামি রাবির উপ-প্রধান তথ্য কর্মকর্তা সাদেকুল ইসলাম আদালতকে জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে তিনি ঘটনার দিন ভিডিও ধারণ করেছিলেন। এজন্য তিনি বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. শাফি ও জনসংযোগ প্রশাসক আবু বক্কর সিদ্দিক ভূঁইয়াকে সাফাই সাক্ষী করার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে।
মামলার অপর আসামি গাড়িচালক আতাউর রহমান আতা আদালতকে জানান, ঘটনার দিন রাবির সাবেক উপাচার্য অধ্যাপক ফাইসুল ইসলাম ফারুকীর গাড়ি তার (সাবেক উপাচার্য) বাসায় রেখে আসার সময় তার ছবি ভিডিও ফুটেজে ওঠে।
সোমবার সকাল ১০টায় দুই শিক্ষকসহ চার আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার অপর ১০ আসামি এখনো পলাতক রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের জের ধরে গত ২২ আগস্ট রাবিতে ছাত্র-পুলিশ ব্যাপক সংঘর্ষ হয়। ওই সময় ডিজিএফআইয়ের একটি গাড়ি পোড়ানোর অভিযোগে সংস্থাটির সহকারী পরিচালক শতকত আলী বাদি হয়ে ২৩ আগস্ট মতিহার থানায় একটি মামলা করেন। মামলায় আসামিদের নাম উল্লেখ করা হয়নি। পরে তদন্ত কর্মকর্তা মতিহার থানার উপ-পরিদর্শক মুক্তার হোসেন গত ১ সেপ্টেম্বর দুই শিক্ষকসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহান সজল এবং গোলাম সাব্বির সাত্তার তাপু ১১ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
ছাত্র বিক্ষোভে উস্কানি দেয়ার অভিযোগে রাবির ছয় শিক্ষকের বিরুদ্ধে পুলিশের দায়ের করা অপর মামলার আসামি পরীক্ষা রোববার শেষ হয়। মঙ্গলবার ওই মামলার যুক্তিতর্কের দিন নির্ধারিত রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১৪ ঘ.
bdnews24