বরগুনা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঐক্যবদ্ধভাবে দুর্যোগ মোকাবেলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।
সোমবার ঘূর্ণিঝড় বিধ্বস্ত বরগুনা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মাধ্যমে তিনি এ আহ্বান জানান।
সকাল সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টা একটি হেলিকপ্টারে চড়ে বরগুনা জেলা শহরে যান। সার্কিট হাউজ মাঠে নামার পর তিনি ঝড়ে ক্ষতিগ্রস্ত মাঝের চর এলাকায় যান। কিছু পথ গাড়িতে এবং কিছু পথ স্পিডবোটে করে দুর্গম সে এলাকায় উপস্থিত হন প্রধান উপদেষ্টা। সেখানে দুর্যোগের ভয়াবহতা দেখে অশ্র" সম্বরণ করতে পারেনি তিনি।
ত্রাণ বিতরণের সময় ওই এলাকায় একটি আশ্রয় কেন্দ্র নির্মাণের আশ্বাস দেন তিনি।
মাঝের চরে ত্রাণ বিতরণ শেষে প্রধান উপদেষ্টা পুনরায় সার্কিট হাউজে ফেরেন। এখানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এ সময় প্রধান উপদেষ্টা বলেন, "আমাদের দেশের উপকূলের বাসিন্দারা অদম্য সাহসী। তাই ভয়াবহ এ ঝড়ে যে পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল, তার চেয়ে কম ক্ষতি হয়েছে।"
তিনি জানান, ঘুির্ণঝড় বিধ্বস্ত বরগুনা জেলার জন্য সরকার ইতোমধ্যে নগদ এক কোটি ৩৮ লাখ টাকা ও ৯৫০ টন চাল বরাদ্দ করেছে। এছাড়া উদ্ধার কাজ চালানোর জন্য ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। এ জেলায় ঘূর্নিঝড় পুনর্বাসনের জন্য আরো দেড় কোটি টাকা বরাদ্দ দেয়া হবে।
নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য অনুসারে, ঘূর্ণিঝড়ে জেলার বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে গেছে, মোবাইল ফোন ও টি অ্যান্ড টি যোগাযোগ সীমিতভাবে চালু আছে এবং আমতলী পুরাকাটা ফেরি চলাচল বন্ধ রয়েছে।
জেলার সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে অর্পনগ্যসিয়া, পঞ্চকোরলিয়া, কড়াইবাড়িয়া, বরবগী, ডেউয়াতলা, চলাভাংগা, বুড়ামুজুমদার ও সরিষামুরি।
ঘূর্ণিঝড়ে এক লাখ ১০ হাজার ৩০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ৯৪ হাজার ৮০০ ঘরবাড়ি, ৬১ হাজার ৯৪২ হেক্টর কৃষিজামি, ২৭৭টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৮২হাজার ৭৬০টি গবাদি পশু মারা গেছে। এছাড়া ৭৫ কিমি পাকা রাস্তা ও ২৫০ কিমি বাঁধ ভেঙ্গে গেছে বলে উপদেষ্টাকে জানানো হয়।
ভেঙ্গে পড়া যোগাযোগ ব্যবস্থা সচল করতে জরুরি ভিত্তিতে কাজ করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে বলেও ফখরুদ্দীন আহমদ জানান।
তিনি আরো জানান, বরগুনায় ইতোপূর্বে কাজ করে গেছেন- দুর্যোগ মোকাবেলার জন্য এমন পাঁচ জন সরকারি কর্মকর্তাকে প্রেষণে এ জেলায় পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম পটুয়াখালী প্রতিনিধি জানান, দুপুর সাড়ে ৩টার দিকে প্রধান উপদেষ্টা বরগুনা থেকে পটুয়াখালী যান। তিনি পটুয়াখালীর চরখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামেন এবং সেখানে ৫০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।
প্রধান উপদেষ্টা সবাইকে ধৈর্যের সঙ্গে দুর্যোগ মোকাবেলার আহ্বান জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/এমএ/১৮৩০ ঘ.
bdnews24