ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দুটি চাঁদাবাজি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুলতান মাহমুদ তারেক রহমানের উপস্থিতিতে এ আদেশ দেন।
(আরও তথ্যসহ)
এর আগে তারেক রহমানকে দুপুর ১২টা ১০ মিনিটে আদালতে হাজির করা হয়।
শাহবাগ থানায় ঠিকাদার খায়রুল বাশারের দায়ের করা ১০ কোটি ৩১ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক হাসান আলী তারেককে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন রিমান্ড চান। রিমান্ডের আবেদন শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরে গুলশান থানায় ঠিকাদার হারুন ফেরদৌসীর দায়ের করা ৮১ লাখ টাকা চাঁদাবাজির মামলায় তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আমিনুর রশিদ একই আদালতে সাত দিন রিমান্ড চাইলে দুই দিন রিমান্ড মঞ্জুর করে আদালত।
এ সময় আদালতে তারেক রহমানের পক্ষে রিমান্ড আবেদন বাতিল চেয়ে আইনজীবীরা শুনানি করেন। কিন্তু আদালত শুনানি শেষে ওই আবেদন দুটি নামঞ্জুর করে রিমান্ডে নিয়ে তারেককে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
রিমান্ড বাতিলের আবেদনে আইনজীবীরা বলেন, এ দুই মামলা দায়েরের নয় মাস পরে এ রিমান্ড চাওয়া বেআইনি।
আইনজীবীরা বলেন, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মামলার তদন্ত কাজ শেষ ১২০ দিনের মধ্যে শেষ করতে হয়। তা না করা গেলে তার ব্যাখ্যা আদালতকে তদন্ত কর্মকর্তা জানাবেন বলে আইনে উল্লেখ রয়েছে। আর খায়রুল বাশারের দায়ের করা মামলায় তারেক রহমান এজাহার নামীয় আসামী নন। গিয়াস উদ্দিন আল মামুনের স্বীকারোক্তি মূলক জবানবন্দীর ভিত্তিতে তাকে এ মামলায় জড়ানো হয়েছে।
আইনজীবীরা বলেন, একই ধরনের দুই মামলায় গত বৃহস্পতিবার অভিযুক্তের বিরুদ্ধে চাওয়া রিমান্ড আবেদন বাতিল করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দেয়া হয়েছিল।
আইনজীবীরা তারেক রহমানের বিরুদ্ধে চাওয়া রিমান্ড আবেদন বাতিল করে তাকে আগের মামলার মতো জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়ার জন্য আদালতের কাছে দাবি জানান। কিন্তু আদালত শুনানি শেষে তাদের এই আবেদন নামঞ্জুর করে রিমান্ডে নেয়ার আদেশ দিলে আইনজীবীরা সংশ্লিষ্ট থানায় আইনজীবীর উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের আদেশ দিতে অনুরোধ করেন।
আদালত এই আবেদনটিও নামঞ্জুর করলে তারা উচ্চ আদালতে এই রিমান্ড আদেশের বিরুদ্ধে যাবেন বলে সাত দিনের সময় চান। কিন্তু আদালত সবগুলো আবেদনই নামঞ্জুর করেন।
এ আদেশ অযৌক্তিক বিবেচনায় হাইকোর্টে আবেদন করবেন বলে জানান আইনজীবীরা।
আদালতে তারেক রহমানের পক্ষে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার মকবুল হোসেন ফকির, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শুনানিতে অংশ নেন।
শাহবাগ থানায় চলতি বছরের ৯ এপ্রিল ঠিকাদারি প্রতিষ্ঠান আ. মোমেন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক খায়রুল বাশার ১০ কোটি ৩১ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। এ মামলায় এজাহারে গিয়াসউদ্দিন আল মামুন, কামরুজ্জামান, মাহাবুব, ওবায়দুল্লাহ খন্দকার সোহেল, হাবলু, মানিক, মোটা তারেককে আসামি করা হয়।
তারেকের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের স্বীকারোক্তি মূলক জবানবন্দীর ওপর ভিত্তি করে গত ২৬ এপ্রিল তারেককে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
অপরদিকে চলতি বছরের ২৭ মার্চ ঠিকাদার হারুন ফেরদৌসী গুলশান থানার ৮১ লাখ টাকার চাঁদাবাজি মামলা দায়ের করেন। এজাহারে তারেক রহমান, গিয়াস উদ্দিন আল মামুন, বাবুল কাজী, এনামুল হক, গিয়াস উদ্দিন কাউয়ুকে আসামী করা হয়।
তারেককে এজলাসের কাঠগড়ায় চেয়ারে বসতে দেয়া হলেও শুনানির অধিকাংশ সময়েই তিনি দাঁড়িয়ে ছিলেন। দুপুর ১টা ২০ মিনিটে তারেককে কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে তুলে আদালত থেকে নিয়ে যাওয়া হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমএ/১৬৪৭ঘ.
bdnews24