২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনের ৪ শতাধিক বনকর্মীর সন্ধান নেই

বাগেরহাটে পূর্ব সুন্দরবনের প্রধান কার্যালয়ে ফোনের পর ফোন। শুধু একটু খবরের জন্য। তাদের খবর, যারা সেই রাতে ছিলেন সুন্দরবনে। কিন্তু খবর আসবে কীভাবে? যাদের কাছে খবরের জন্য এ ফোন তারাই তো খবরহীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2007, 10:43 AM

Updated : 26 Aug 2022, 08:57 PM

অলীপ ঘটক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম বাগেরহাট প্রতিনিধি বাগেরহাট, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে পূর্ব সুন্দরবনের প্রধান কার্যালয়ে ফোনের পর ফোন। শুধু একটু খবরের জন্য। তাদের খবর, যারা সেই রাতে ছিলেন সুন্দরবনে। কিন্তু খবর আসবে কীভাবে? যাদের কাছে খবরের জন্য এ ফোন তারাই তো খবরহীন। সুন্দরবনের কটকা, কচিকালী ও দুবলা এলাকায় ঝড়ের পর উদ্ধার অভিযানে থাকা নৌবাহিনী ও কোস্টগার্ডের দু'জন কর্মকর্তাকে সুন্দরবনের ক্ষয়ক্ষতির বিষয়ে জিজ্ঞাসা করা হলে দুজনেরই উত্তর, বনের ক্ষতির কথা ভাষায় বলা সম্ভব না। চির চেনা সবুজে ভরা সুন্দরবনকে এখন চেনা দায়। "আমাদের ওয়্যারলেস বিকল। মোবাইল নেটওয়ার্ক নেই। সহকর্মীদের উৎকন্ঠিত স্বজনদের আমরা কিছুই জানাতে পারছি না, আমাদের সঙ্গে বনের ভেতরের কারোরই কেনো যোগাযোগ নেই। এ মুহূর্তে আমি শুধু সাঈদুর রহমান নামে এক জন বনকর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারছি। কারণ আমরা তার লাশ পেয়েছি।" এভাবেই নিজেদের অসহায়ত্বের কথা জানালেন বাগেরহাটের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা ফরেস্ট রেঞ্জার রফিকুল হোসেন। দুবলার নারকেলবাড়িয়ায় কর্মরত ছিলেন বোটম্যান সাঈদুর। তার বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা গ্রামে। ঝড়ের রাতে তিনিসহ তাদের ক্যাম্পে আশ্রয় নেয়া চার জন জেলে পানির স্রোতে ভেসে যান। বনকর্মীরা শনিবার এই পাঁচ জনের লাশ উদ্ধার করে। ১৫ নভেম্বর রাতে দানবীয় শক্তি নিয়ে ঘূর্ণিঝড় সিডর যখন বাগেরহাট উপকূলের 'প্রাকৃতিক বর্ম' পূর্ব সুন্দরবনে আঘাত হানে তখন সেখানে কর্মরত ছিলেন বন বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রায় সাড়ে ৪০০ কর্মকর্তা, কর্মচারী; আর অসংখ্য জেলে। সিডর তাণ্ডব শেষে এখন তারা কোথায় আছে, কেমন আছে- তা জানতে বনকর্মীদের সঙ্গে নিয়ে গত দুই দিন ধরে স্টেশন আর ক্যাম্পগুলোতে সহকর্মীদের খোঁজে ছুটে বেড়াচ্ছেন পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা এসএম শহীদুল্লাহ। সিডরের আঘাত যে কত ভয়ঙ্কর ছিল তা বোঝাতে শরণখোলার পানিঘাট ক্যাম্পের নাম প্রকাশে অনিচ্ছুক এক বনকর্মী বলেন, "আমাদের ক্যাম্পের কাঠের দেয়াল উড়ে গেলে আমরা নিরূপায় হয়ে গাছে উঠে নিজেদেরও বেঁধে রাখি। হঠাৎ দেখি, বনের মাঝে প্রায় আট হাত পানি উঠে গেছে। আমি বেশ কয়েকটি লাশ ভেসে যেতে দেখেছি। কিন্তু করার কিছুই ছিলো না।" বাগেরহাট জেলার অন্তর্গত পূর্ব সুন্দরবনের আয়তন প্রায় দুই লাখ ৩৩ হাজার হেক্টর। শরণখোলা ও চাঁদপাই রেঞ্জ নিয়ে গঠিত এই বনের ৩৯টি ক্যাম্পে ছড়িয়ে ছিটিয়ে দায়িত্ব পালন করেন সাড়ে চারশ বনকর্মী। পাচক ও ট্রলার চালক হিসাবে তাদের সঙ্গে নিয়মিতভাবে থাকেন আরো শতাধিক শ্রমজীবী মানুষ। সুন্দরবন পূর্ব বিভাগের বন কর্মকর্তারা জানান, সদ্য শুরু হওয়া শুঁটকির মৌসুমে বাগেরহাট, খুলনা, বরিশাল, চট্টগ্রামসহ বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে ইতোমধ্যে অন্তত ১৬ হাজার জেলে পারমিট নিয়ে দুবলা জেলেপল্লীতে মাছের সন্ধানে এসেছিলো। তাদের কোলাহলে প্রতি বছরের মত মুখরিত হয়ে উঠছিল সাগর কোলের দুবলা, আলোর কোল, কোকিলমনি, টিয়ার চর, মেহের আলী, নারকেলবাড়িয়া, অফিস কেল্লা, মাঝের কেল্লা চর। বন কর্মকর্তারা জানান, দুবলা জেলেপল্লীর পাঁচটি আশ্রয় কেন্দ্রে ঝড়ের আগে মাত্র পাঁচ হাজার মানুষকে ঠাঁই করে নিতে পেরেছিলো। অন্যরা নৌকা ও ট্রলার নিয়ে তারা আশ্রয় নিয়েছিল বনের ফাঁকে আর বিভিন্ন খালে। তবে ঝড়ের ৪৮ ঘণ্টা পরও বন বিভাগ বা জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষে তাদের বাঁচা-মরার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তবে নৌবাহিনী ও উপকূল রক্ষীবাহিনী জানিয়েছে, গত দুই দিনে তারা ৩৭ জেলের লাশ উদ্ধার করেছে। সুন্দরবন ও বন বিভাগের অবকাঠামোর ক্ষয়ক্ষতি প্রসঙ্গে চাঁদপাই রেঞ্জের সহকারী বন কর্মকর্তা এস এম শোয়াইব খান জানান, ঝড়ে পূর্ব বন বিভাগের শতকরা ৯৫ ভাগ স্টেশন ও ক্যাম্পের অবকাঠামো বিধ্বস্ত হয়ে গেছে। শুধু চাঁদপাই রেঞ্জে বনায়নের জন্য তৈরী অন্তত পাঁচ কোটি টাকার চারা গাছের ক্ষতি হয়েছে। তবে বনের প্রাণি ও পাখিকূলের ক্ষয়ক্ষতির বিবরণ দিতে পারেনি বন বিভাগ। বনের পাশাপাশি হিরণ পয়েন্টে নৌবাহিনীর অগ্রবর্তী ঘাঁটিটির টাওয়ার ও দেয়ালের বেশ ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩০ ঘ.