ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ ঘুর্ণিঝড়ের তাণ্ডবে বিপুলসংখ্যক মানুষের মৃত্যু ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় শোক প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল। ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে তারা। একই সঙ্গে ত্রাণ কাজে অংশ নিতে রাজনৈতিক দলের ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়ারও দাবি জানান এসব দলের নেতারা।
বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরী ও মহাসচিব আবদুল মান্নান ঘূর্ণিঝড়ে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেছেন। তারা দুর্গতদের জন্য গৃহ নির্মাণ ও কৃষি পূর্নবাসনের ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানান। দলীয় নেতা-কর্মীদের দুর্গতদের পাশে দাড়ানোর আহ্বানও জানান তারা।
শনিবার বাংলাদেশ কমিউনিস্ট পার্টির এক সভায় ঘূর্ণিঝড়ে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানিতে শোক প্রকাশ করা হয়। ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত সাহায্য পাঠানোর দাবিও জানিয়েছে দলটি। সিপিবির সভাপতি মনজুরুল আহসান খানের সভাপতিত্বে এ বৈঠকে মুজাহিদুল ইসলাম সেলিমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক খালেকুজ্জামান এক বিবৃতিতে গভীর শোক ও ঘুর্ণিঝড়ে নিহত-আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিবৃতিতে ক্ষতিগ্রস্তদের জরুরি ভিত্তিতে পর্যাপ্ত ত্রাণ ও পুনর্বাসনের দাবি করে ত্রাণ কাজে রাজনৈতিক দলের অংশগ্রহণের ওপর সরকারি নিষেধাজ্ঞা জারির তীব্র নিন্দা জানানো হয়।
গণতান্ত্রিক বাম মোর্চা কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক খালেকুজ্জামান, সদস্য কমরেড টিপু বিশ্বাস, সাইফুল হক, মোশরেফা মিশু, সাইফুল ইসলাম মাস্টার, অ্যাডভোকেট আব্দুস সালাম, হামিদুল হক, জোনায়েদ সাকী, বদরুল আলম, বাবুল বিশ্বাস ও আব্দুল মতিন তালুকদার এক যুক্ত বিবৃতিতে ঘুর্ণিঝড়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তারা ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ-পুনর্বাসন কার্যক্রম জোরদার করার জন্য সরকারের কাছে দাবি জানান। ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসতে তারা সমাজের সমর্থ মানুষদের প্রতি আহবান জানান।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে প্রাণহানি, ফসল, সম্পদসহ প্রাকৃতিক বিপর্যয় ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এছাড়া অবিলম্বে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে সরকারের পাশাপাশি সব পর্যায়ের মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তারা।
রাশেদ খান মেনন শনিবার ঘূর্ণিঝড় কবলিত বরিশাল জেলায় বিশেষ করে বাবুগঞ্জ-উজীরপুরের উপজেলা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, অধ্যাপক নজরুল হক নীলু, ছাত্র মৈত্রীর সভাপতি রফিকুল ইসলাম সুজন ও যুব মৈত্রীর নেতা আতিকুর রহমান তার সঙ্গে ছিলেন।
জাতীয় কৃষক সমিতি ও খেতমজুর ইউনিয়ন সমন্বয় কমিটির সমন্বয়ক আনিসুর রহমান মল্লিক, যুগ্ম সমন্বয়ক অধ্যাপক আব্দুস সাত্তার ও আমিনুল ইসলাম গোলাপ এক বিৃতিতে অবিলম্বে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহকে দূর্গত এলাকা হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন।
বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি নুর আহমদ বকুল ও সাধারণ সম্পাদক সাদাকাত হোসেন খান বাবুল, ছাত্র লীগের সভাপতি মাহমুদ হাসান রিপন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেন। একই সঙ্গে তারা ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনাও জানিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/এমএসবি/এমএ/ ২০১৫ ঘ.
bdnews24