ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঝড়ের ধাক্কা প্রায় কাটিয়ে উঠেছে রাজধানী। তবে ক্ষতচিহ্ন এখনও আছে শহরের অনেক জায়গায়। কোথাও কোথাও ভাঙা গাছপালা পড়ে থাকলেও যান চলাচল করছে। পানি ও বিদ্যুৎ পরিস্থিতি এবং হাসপাতালগুলোর অবস্থার খানিকটা উন্নতি হয়েছে। স্বাভাবিক হতে শুরু করেছে নগরীর জীবনযাত্রা।
বৃহস্পতিবার রাতে ঘূর্ণিঝড় সিডরের আঘাতে রাজধানীর কয়েক জায়গায় গাছপালা ভেঙে পড়ে।সেসব জায়গায় সড়ক থেকে ভেঙে পড়া গাছপালা সরিয়ে ফেলতে করাতীদের কাজ করতে দেখা যায়। তারা গাছের গুড়ি, মোটা ডালপালা কেটে সেগুলো সরাতে সাহায্য করে।
শুক্রবার দুদফায় জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটায় বিদ্যুৎহীন শহরে পানির জন্য মানুষের দুর্ভোগের অন্ত ছিল না। শনিবার এ অবস্থার উন্নতি হয়েছে। এখনও রেশনিং করে বিদ্যুৎ সরবরাহ করতে হওয়ায় ব্যাপক লোডশেডিং হচ্ছে। পানির দুর্ভোগও অনেকটা লাঘব হয়েছে। ঢাকা ওয়াসা জানিয়েছে রাজধানীতে পানি সরবরাহ এখন প্রায় স্বাভাবিক।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক রায়হানুল আবেদিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা শহরে পানির সরবরাহ একদম স্বাভাবিক বলতে পারেন। কারণ শীতকাল চলে আসায় পানির চাপ আগের চেয়ে একটু কম। আজ (শনিবার) সারাদিনে আমরা মাত্র দু'টো অভিযোগ পেয়েছি। তবে ওই দুটি অভিযোগ পানি সরবরাহ নিয়ে ছিল না। আমাদের সবগুলো কেন্দ্র ও পাম্প চালু রয়েছে। ১২ ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর শনিবার সায়দাবাদ পানি শোধন কেন্দ্রও চালু হয়েছে। তাই এখন পানি ঘাটতির কোনও সম্ভাবনা নেই।"
রাজধানীর হাসপাতালগুলোর অবস্থাও স্বাভাবিক হয়ে আসছে। বিদ্যুৎ ও পানি না থাকায় শুক্রবার দিনভর হাসপাতালগুলোতে চিকিৎসা সংকট দেখা দেয়। শনিবার হাসপাতালগুলোর অবস্থা মোটামুটি স্বাভাবিক ছিল। তবে পুরো একদিন পানি না থাকায় হাসপাতালগুলোর টয়লেট ও বাথরুমে পরিচ্ছন্নতা এখনও নিশ্চিত করা যায়নি।
নাম না প্রকাশের শর্তে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন ইন্টার্নি চিকিৎসক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতালের ৩১ ও ৩৫ নম্বর ওয়ার্ডের বারান্দা দিয়ে নাক চেপে গেলেও মলমূত্রের গন্ধ লাগে।
শুক্রবার ছোট একটি জেনারেটর দিয়ে হাসপাতালের প্রসূতি বিভাগে ছয়টি অস্ত্রোপচার হয়। প্রসূতি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. তাহমিনা বেগম জানান, একটি অস্ত্রোপচারের এক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে টর্চ জ্বালিয়ে শেষ করতে হয়। পানি না থাকায় অপারেশনের আগে ও পরে স্পিরিট দিয়ে হাত ধুয়েছেন চিকিৎসকরা।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. শাহজাহান বিশ্বাস বলেন, "বিদ্যুৎ না থাকায় স্বাস্থ্যসেবা দিতে কিছুটা বিঘ
bdnews24