চট্টগ্রাম, নভেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পতেঙ্গার সাগর পাড়ের গ্রাম চরপাড়া। ঘূর্ণিঝড় সিডরের প্রভাবে বৃহস্পতিবার মধ্যরাতে সাগর যখন উত্তাল হয়ে উঠেছে, বাড়ছে বাতাসের গতি, তার সঙ্গে বাড়ছিল গ্রামের বাসিন্দাদের উদ্বেগ আর উৎকণ্ঠা।
কিন্তু শেষ পর্যন্ত তেমন কোন বিপর্যয় না হওয়ায় শুক্রবার সকাল থেকে মানুষের জীবনযাত্রা আবার স্বাভাবিক হয়ে আসে।
জেলার বিভিন্ন এলাকার মানুষ নিরাপদ আশ্রয় থেকে ঘরবাড়ি ফিরতে শুরু করে সকাল থেকেই।
চট্টগ্রাম নগরীতে শুক্রবার সকাল থেকেই জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করে। বন্দরেও প্রতিদিনের মত কাজকর্ম হয়েছে। শাহ আমানত বিমান বন্দরে সকাল থেকে কাজ শুরু হয়। দুপুরের পর বিমান চলাচলের উপযোগী হয়ে যায় বন্দর।
এ ছাড়া নগরীতে শুক্রবার সাড়ে ১২টার পর বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয়। উৎপাদন কম হওয়ায় রেশনিং করতে হয় বলে সব এলাকায় এক সঙ্গে বিদ্যুৎ দেওয়া যায়নি। ফলে লোডশেডিং করতে হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাত তিনটায় পতেঙ্গার চরপাড়া থেকে মো. ইউসুফ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে ফোনে জানান, খুলনা-বাগেরহাট এলাকায় ঘূর্ণিঝড়ের তাণ্ডবের খবর তারা টেলিভিশন দেখে জেনেছেন। তাদের বাড়ির পাশেও সাগরের পানি তখন বেড়ি বাধ ছুঁই ছুঁই করছিল। বাতাসের ঝাপটায় কেঁপে উঠছিল ঘরবাড়ি। ভয় হচ্ছিল এই বুঝি সর্বনাশা জোয়ার সবকিছু ভাসিয়ে নিয়ে যায়।
প্রবল আশঙ্কায় কেবল ভাটার অপেক্ষা করছিল গ্রামবাসী। ভোর সাড়ে চারটার পর ভাটার টান শুরু হওয়ায় তাদের বুক থেকে উৎকণ্ঠার ভারী পাথর নেমে যায়।
মো. ইউসুফের মতোই উদ্বেগাকুল রাত কাটিয়েছেন চট্টগ্রামের উপকূলীয় এলাকার সব মানুষ। তাদের কেউ কেউ আশ্রয় নেন বেড়ি বাধে। কেউ বা আশ্রয় কেন্দ্রে।
দ্বীপ উপজেলা সন্দ্বীপের মুছাপুর ইউনিয়নের পশ্চিম অংশের বাসিন্দা মোস্তফা কামাল পাশা দুর্যোগ থেকে বাঁচতে আশ্রয় নিয়েছিলেন দুই কিলোমিটার দূরের গুরুদাসপুর প্রাথমিক বিদ্যালয়ে। আর স্ত্রীকে পাঠিয়েছিলেন দূরের গ্রামে এক আত্মীয়ের বাসায়।
৫২ বছর বয়সী এই কৃষক জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার রাত এগারটা বাজতেই বাতাসের গতি বেড়ে যায়। রাত বারটার পর বাতাসের সঙ্গে নিুাঞ্চলে জোয়ারের পানি ঢুকতে শুরু করে। এর সঙ্গে সাইক্লোন সেন্টারে আশ্রয় নেওয়া মানুষের শঙ্কা বাড়তে থাকে।
মোস্তফা কামাল পাশা বলেন, ১৯৯১ সালের ঝড়ে ও জলোচ্ছ্বাসে তার বাড়ি ঘর, গাছপালা সব ভেসে যায়। গত ১৬ বছরে আবার নতুন করে সবকিছু গড়ে তুলেছেন। এবারও সেরকম সর্বস্বান্ত হওয়ার ভয়টাই তাদের কাবু করে সবচেয়ে বেশি।
শেষ পর্যন্ত ভোর নাগাদ বাতাসের তাণ্ডব থেমে গিয়ে জোয়ারের পানি বন্ধ হলে স্বস্তির নিশ্বাস ফেলেন তারা।
জেলা ও রেড ক্রিসেন্ট এর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সন্দ্বীপের উপকূলীয় এলাকাগুলো প্রায় ১৫ ফুট সমুদ্রের পানির নিচে তলিয়ে যায়। প্রায় ৩০০ কাঁচা ঘরবাড়ি ভেঙে যায়। বিকাল তিনটা পর্যন্তও বেশ কিছু এলাকা ছয় ফুট পানির নিচে ছিল। মুছাপুর, সারিকাইত, মাইকভাঙ্গা এলাকাসহ সন্দ্বীপের যে ১২ কিলোমিটার এলাকায় বেড়ি বাধ নেই সেসব এলাকার পানি নামেনি।
চট্টগ্রাম জেলা প্রশাসন নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী কমিশনার নাজমা বেগম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সন্দ্বীপ ছাড়াও জেলার আনোয়ারা, বাঁশখালী ও মিরসরাইয়ে ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে ফসলের ক্ষতি হলেও কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।
কমিশনার নাজমা বেগম জানান, সকাল থেকেই সাইক্লোন সেন্টারে আশ্রয় নেওয়া লোকজন ঘরে ফিরতে শুরু করে।
বন্দরের রেডিও নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মদ জহুর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর বারটার পর থেকে বন্দরের জেটিগুলোতে জাহাজ ভিড়তে শুরু করে। জেটিতে মাল ওঠানামার কাজও ছিল স্বাভাবিক।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক স্কোয়াড্রন লিডার সাজ্জাদ হোসেন জানান, শুক্রবার দুপুর দুইটা থেকে বন্দরে বিমান নামা শুরু হয়। বেলা সোয়া দুইটার দিকে থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজ অবতরণ করে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) জনসংযোগ কর্মকর্তা মনিরুজ্জামান জানান, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক। কোন কোন এলাকায় রেশনিং করতে হওয়ায় লোডশেডিং হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/এসকে/০২০৫ঘ.
bdnews24