ঢাকা, নভেম্বরর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঘূর্ণিঝড় সিডরের তাণ্ডবে সারা দেশ অন্ধকারে নিমজ্জিত। শুক্রবার দুই দফা জাতীয় গ্রিড বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে দু'তিন দিন লাগতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ মন্ত্রনালয়ের সচিব আইয়ুব মিয়া।
বিদ্যুৎ বিভাগের সচিব ড. ফাওজুল কবির খান শুক্রবার রাত সোয়া আটটার সময় টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "উৎপাদনের চেয়ে চাহিদা বেশি হওয়ার কারণে বিকেলে দ্বিতীয়বার গ্রিড লাইন বন্ধ হয়ে যায়। ঢাকার কাছের ইউনিটগুলো চালু করতে পারিনি। অধিকাংশ স্থানে বিদ্যুৎ সরবরাহ না থাকলেও দেশের কিছু জায়গায় বিদ্যুৎ আছে। আর কোন বিভ্রাট না হলে কিছুক্ষনের মধ্যে ১০০০ মেগাওয়াট সরবরাহ করা সম্ভব হবে।"
শুক্রবার দুপুর ৩টা ৩০ মিনিটে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকাসহ সারাদেশে মাত্র ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও বিকাল সাড়ে ৫টায় দ্বিতীয় দফা জাতীয় গ্রিড লাইন বন্ধ হয়ে গেলে সন্ধ্যার পর পুরোপুরি অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে সারা দেশ। দক্ষিণাঞ্চলের শহরগুলোতে সিডরের তাণ্ডবের পর বিদ্যুৎ ব্যবস্থার বিপর্যয়ের কারণে সন্ধ্যার পর ভুতুড়ে পরিবেশ নেমে আসে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, সকাল ৭টা ৫৭ মিনিটে উৎপাদন ব্যবস্থার ভারসাম্য নষ্ট হওয়ায় পুরো বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা বিকল হয়ে পড়ে। এ সময় উৎপাদন ছিল শূণ্য। কোনও উৎপাদন না থাকার কারণে জাতীয় গ্রীড লাইন বন্ধ হয়ে যায়। বিকেল সাড়ে পাঁচটায় দ্বিতীয় দফায় বিপর্যয় ঘটাতে রাজধানীসহ সারাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে বিদ্যুত উন্নয়ন বোর্ডের (পিডিবি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আলী এক সংবাদ ব্রিফিং-এ জানান, বিকেল সাড়ে পাঁচটায় দ্বিতীয় দফায় বিপর্যয় ঘটাতে রাজধানীসহ সারাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। কারণ হিসাবে তিনি যান্ত্রিক ত্র"টির কথা বলেন।
তিনি বলেন,"বিদ্যুৎ সরবরাহ সচল করতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি।"
শুক্রবার বিকালে তথ্য অধিদপ্তরে ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব ড. আইয়ুব মিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, সারাদেশে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে ২/৩ দিন সময় লাগবে। তবে শুক্রবার রাতের মধ্যেই অধিকাংশ জেলায় সরবরাহ শুরু হবে।
পিডিবির জনসংযোগ কর্মকর্তা বজলুল হক জানান, দেশের সবগুলো বিদ্যুৎ কেন্দ্র চালু রাখতে হলে কমপক্ষে ৪০০/৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে হয়। সন্ধ্যায় পিক আওয়ারে বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদনের পরিমাণ ছিল ৩৪৫০ মেগাওয়াট। রাত ১টায় স্বাভাবিক উৎপাদন ২৫০০ মেগাওয়াট থাকার কথা থাকলেও ওই সময় উৎপাদনের পরিমাণ ছিল ৭৩২ মেগাওয়াট। কারণ ওই সময় দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে ঘূর্ণিঝড় 'সিডর' বয়ে যাওয়ার কারণে সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভোর ৪টায় চাহিদা ৩৫০ মেগাওয়াটে নেমে আসে। এ কারণে সকাল ৭টা ৫৭ মিনিটে উৎপাদন ব্যবস্থার ভারসাম্য নষ্ট হওয়ায় পুরো বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা বিকল হয়ে পড়ে। এ সময় উৎপাদন ছিল শূণ্য। কোনও উৎপাদন না থাকার কারণে জাতীয় গ্রীড লাইন বন্ধ হয়ে যায়।
তিনি জানান, সকাল ৯ টা ৩৫ মিনিটে ময়মনসিংহের আরপিসিএল এ ৩০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি গ্যাস টারবাইন ইউনিট চালু বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়। 'অক্সিলারি সাপ্লাই হিসাবে আশুগঞ্জ ও ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হয়। এ দুটি কেন্দ্র চালু করার উদ্যোগ নেওয়া হয়। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে ৯টা ৫৭ মিনিটে বিদ্যুৎ নেওয়া হয়। ১২টা নাগাদ একটি ইউটিনট চালু করা হয়। কপ্তাই একটি ইউনিট ১১টার পরে, হরিপুর বেসরকারি এনইপিসি কেন্দ্র সোয়া ১২টা নাগাদ চালু করে গুরুত্বপূর্ন এলাকা বিশেষ করে হাসপাতাল, পানির পাম্প, টেলিভিশন কেন্দ্র, ক্যান্টনমেন্ট, টেলিফোন এক্সচেঞ্জ, বঙ্গভবন অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়। দুপুর ২ টা ৩০ মিনিট নাগাদ ৪৩৬ মেগাওয়াট সরবরাহ করা হয়। সোয়া তিনটায় তা বেড়ে দাড়ায় ৫০০ মেগাওয়াটে। সাড়ে তিনটার পরে ঢাকায় সোয়াশ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। মতিঝিল, ধানমণ্ডি, বাসাবো, মুগদা, নারিন্দা, কাজলা সিন্ধিরগঞ্জ, বসুন্ধরা এসব এলকায় সরবরাহ শুরু হয়।
পিডিবির নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, বর্তমানে ৫০০ মেগাওয়াট উৎপাদন হচ্ছে। কাপ্তাইয়ে ৩টি, ওয়েস্টমন্টের একটি, আশুগঞ্জে ১টি, ভেড়ামারা ৩টি, বাঘাবাড়িতে একটি, আরপিসিল ১টি ও কেপিসিএল এ ২টি ইউনিট চালু আছে।
বজলুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে আরো বলেন, "বড় বড় জেনারেটরগুলোর একবার বন্ধ হয়ে গেলে পুনরায় চালু করতে বেশ সময় লাগে। সবগুলো বিদ্যুৎ কেন্দ্র চালু করার কাজ চলছে। যথা দ্রুত সম্ভব রাজধানীতে বিদ্যুৎ সরবরাহ চালু করার চেষ্টা চলছে। ৩টা নাগাদ রাজধানীতে ১৫০ মেগাওয়াট সরবরাহ করা হয়েছে। সোয়া ১১টা নাগাদ বঙ্গভবনে সাব স্টেশনের মাধ্যমে প্রথম বিদ্যুৎ দেওয়া জয়েছে। এরপর পর্যায় ক্রমে বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় লাইন মেরামত করে সরবরাহ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএইচডি/এমএ/জিএনএ/২০৩০ ঘ.
bdnews24