ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - হ্যারিকেনের তীব্রতাসম্পন্ন ঘূর্ণিঝড় সিডরের অগ্রভাগ বিকেল ৫টার পর খুলনা-বরিশাল উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে।
সন্ধ্যা ছয়টার এটি মংলা বন্দর থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। ওই সময় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বন্দর থেকে ৩১৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে এবং কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ২৯৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে ছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্র্ণিঝড়ের কেন্দ্রভাগ আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে পাথরঘাটা বলেশ্বর নদী দিয়ে উপকূল অতিক্রম করবে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলেমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ২২০ কিলোমিটার; যা ক্রমান্বয়ে ২৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৪০ কিলোমিটার ছাড়িয়ে গেলে এটি হবে বাংলাদেশের ইতিহাসে একটি রেকর্ড। ১৯৯১ সালের ২৯ এপ্রিল বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২২৫ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে হিরণ পয়েন্ট, খেপুপাড়া, দুবলার চরসহ সুন্দর বন সংলগ্ন উপকূলীয় এলাকাগুলোতে ঘণ্টায় ১৬০ থেকে ১৮০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইছে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সমরেন্দ্র কর্মকার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিডর ১৯৯১ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়টির চেয়েও শক্তিশালী। ঝড়ের অগ্রভাগ ইতোমধ্যে উপকূলে আঘাত হেনেছে। দুই থেকে তিন ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের কেন্দ্রভাগ উপকূল অতিক্রম করবে।"
তিনি জানান, সিডরের কেন্দ্রীয় অংশটি উপকূল অতিক্রম করার পর উত্তর উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। স্থলভাগের গভীরে অগ্রসর হওয়ার সময় ঝড়টি দুর্বল হতে থাকবে। মূলত সুন্দরবন দিয়ে যাওয়ার কারণে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে জনবসতির বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম। তবে ফসল, বনাঞ্চল ও পরিবেশের ব্যাপক ক্ষতির আশঙ্কা থাকছেই।
সমরেন্দ্র কর্মকার বলেন, ঘুর্ণিঝড়ের মূল কেন্দ্রের ব্যাসার্ধ ২৫০ থেকে ৩০০ কিলোমিটার। অর্থাৎ উপকূল অতিক্রমের সময় ঝড়টি পাঁচ থেকে ছয়শ কিলোমিটার এলাকায় কম-বেশি প্রভাব ফেলবে।
বৃহস্পতিবার রাত দেড়টায় পশুর নদীতে স্বাভাবিক জোয়ার আসবে। স্বাভাবিক জোয়ারে নদীর পানির উচ্চতা প্রায় ১০ ফুট বেড়ে যেতে পারে। এ সময় যদি ঘুর্ণিঝড়ের মূল কেন্দ্রটি উপকূলের কাছাকাছি থাকে বা উপকূল অতিক্রম করে তাহলে জোয়ারের পানির উচ্চতা ২৫ থেকে ৩০ ফুট কিংবা আরো বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রবল ঘূর্ণিঝড়টি উপকূলের দিকে ধেয়ে আসায় মংলা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহা বিপদ সংকেত অব্যাহত রাখতে বলা হয়েছে। একইসঙ্গে ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।
এ ছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর জেলা ও দুরবর্তী দ্বীপ ও চর ৯ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।
কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, চাঁদপুর, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরার নদীবন্দরগুলোকে চার নম্বর নৌ মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, চাঁদপুর, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, যশোর ও সাতক্ষীরার দ্বীপ ও চরসমূহের ওপর দিয়ে প্রতি ঘণ্টায় ২২০ কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে ভারি বা অতিভারি বৃষ্টিপাত হতে পারে।
উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, চাঁদপুর, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিচু এলাকা স^াভাবিক জোয়ারের চেয়ে ১৫-২০ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অবশ্যই নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় পরিস্থিতি মোকাবেলায় উপকূলীয় ১১টি জেলায় ৪২ হাজার ৬৭৫ জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। লোকজনকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। ঝড়ের সার্বক্ষণিক খবর আদান -প্রদানের জন্য খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। এর ফোন নম্বর হচ্ছে : ৭১৬০৪৫৪, ৭১৬২১১৬ এবং ৭১৬৪১১৫।
শতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বুধবার রাত থেকে চট্টগ্রাম ও মঙলা বন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বুধবার রাত ১০টা থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা। এছাড়া চট্টগ্রামে থাকা বিমান বাহিনীর সব উড়োজাহাজ ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
দুর্যোগ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা নিখিল রঞ্জন রায় বুধবার রাত ৯টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপকূলীয় প্রতিটি জেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। স্থানীয় প্রশাসন ঘূর্ণিঝড় মোকাবেলায় সার্বিক প্রস্তুতি নিয়েছে।"
রাতে সরকারি এক তথ্যবিবরণীতে জানানো হয়, সরকার দেশের সকল উপকূলীয় অঞ্চলে আশ্রয়কেন্দ্র খোলার ব্যবস্থা করেছে। লোকজনের আশ্রয়কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। আশ্রয়কেন্দ্রে শুকনো খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে চিকিৎসক ও উদ্ধারকারী দল।
১৯৭০ সালে নভেম্বর মাসে এক প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকায় ৫ লাখের বেশি মানুষ মারা যায়। ওই সময় ঘণ্টায় ২২২ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়। ১০ মিটার উচ্চতার জলোচ্ছ্বাসে প
bdnews24