ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার দুপুরে দুই যাত্রীর কাছ থেকে উদ্ধার করা ২৩ কেজি হেরোইনের চালানের সঙ্গে জড়িত বেশ কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ীর নাম পেয়েছে পুলিশ।
তবে তদন্তের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করা হচ্ছে না।
মামলার তদন্তকারী কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক মো. জিল্লুর রহমান মঙ্গলবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "জিজ্ঞাসাবাদে দুই আসামি ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজনের নাম বলেছে। তাদের মধ্যে দেশের প্রতিষ্ঠিত কয়েকজন ব্যবসায়ীও আছেন। কিন্তু যাচাই-বাছাই শেষ না করে কারো নাম প্রকাশ করা ঠিক হবে না।"
জিজ্ঞাসাবাদে পাওয়া নামের তালিকায় একজন প্রতিষ্ঠিত ট্রাভেল এজেন্টের নামও আছে বলে তিনি জানান।
মঙ্গলবার দুপুরে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে চীনগামী ড্রাগন এয়ারলাইন্সের একটি ফ্লাইটের দুই যাত্রী মাহমুদ আলী ও আরিফুল ইসলাম ভুঁইয়ার ব্যাগ তল্লাশি করে প্রায় ২৩ কেজি হেরোইন উদ্ধার করে কাস্টমস ও টাস্কফোর্সের সদস্যরা। গ্রেপ্তারকৃত দুজনকে ওইদিনই বিমানবন্দর থানায় হস্তান্তর করে একটি মামলা করা হয়।
র্যাব সদর দপ্তরের কর্মকর্তা কমান্ডার আবুল কালাম আজাদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রেপ্তারকৃত দুজনের কাছ থেকে উদ্ধার করা দুটি মোবাইল ফোনের কললিস্ট দেখে আমরা এ ঘটনায় জড়িতদের ধরার চেষ্টা করছি। মোবাইল ফোনে যোগাযোগ করে বিমানবন্দরে তাদের কাছে ব্যাগগুলো হস্তান্তর করে হেরোইন সরবরাহকারীরা। এ কারণে কারা তাদের সঙ্গে সর্বশেষ কথা বলেছে তা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি।"
পুলিশ ও র্যাবের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও হেরোইন উদ্ধারের ঘটনার তদন্ত চালাচ্ছে। মঙ্গলবারের অভিযানে অংশ নেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মহানগর অঞ্চলের সহকারী পরিচালক ফজলুর রহমান এ বিষয়ে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশের পাশাপাশি আমরা নিজস্বভাবে হেরোইনের এ বিশাল চালান উদ্ধারের ঘটনাটি তদন্ত করছি। চালানটি পাচারের সঙ্গে আন্তর্জাতিক একটি চক্রের পাশাপাশি দেশের কয়েকজন প্রভাবশালী ব্যক্তিও জড়িত আছেন বলে আমরা জানতে পেরেছি।"
এক প্রশ্নের জবাবে ফজলুর রহমান বলেন, "হেরোইন পাচারকারীরা বর্তমানে বাংলাদেশকে একটি নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে। পাচারকারীরা আফগানিস্তান থেকে পাকিস্তান হয়ে হেরোইনের চালান বাংলাদেশে আনছে বলে ধারণা করা হচ্ছে। পরে সুযোগ বুঝে তা চীন হয়ে পাঠানো হয় ইউরোপের দেশগুলোতে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/২১৪৫ ঘ.
bdnews24