২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুইডিশ শিশু সাহিত্যিক অ্যাস্ত্রিদ লিন্দগ্রেনের জন্মশতবর্ষ পালিত

সুইডিশ শিশু সাহিত্যিক অ্যাস্ত্রিদ লিন্দগ্রেনের জন্মশতবর্ষ উপলক্ষে বুধবার বিকেলে ঢাকার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এক স্মরণ ও আলোচনা সভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2007, 02:41 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সুইডিশ শিশু সাহিত্যিক অ্যাস্ত্রিদ লিন্দগ্রেনের জন্মশতবর্ষ উপলক্ষে বুধবার বিকেলে ঢাকার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এক স্মরণ ও আলোচনা সভা। ঢাকার অঙ্কুর প্রকাশনীর আয়োজনে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত ব্রিট এফ হ্যাগস্ট্রম। রাষ্ট্রদূত ব্রিট এফ হ্যাগস্ট্রম লিন্দগ্রেনের জীবন ও সাহিত্যকর্মের বিভিন্ন দিক নিয়ে লিখিত প্রবন্ধ পাঠ করেন। এর আগে দুটি প্রবন্ধ পাঠ এবং ওগুলোর ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। প্রবন্ধ দুটো পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক কাজল বন্দ্যোপাধ্যায় এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ এর বাংলা ভাষা ও সাহিত্যের সহযোগী অধ্যাপক আকিমুন রহমান। কাজল বন্দ্যোপাধ্যায় তার প্রবন্ধে অ্যাস্ত্রিদ লিন্দগ্রেনের জীবন ও সাহিত্যের বিভিন্ন দিক তুলে ধরেন। আকিমুন রহমানের প্রবন্ধে ছিল লিন্দগ্রেনের সাহিত্যের ওপর দীর্ঘ বিশ্লেষণমূলক আলোচনা। দুজনের প্রবন্ধ আলোচনায় অংশ নেন শিশুসাহিত্যিক আহমাদ মাযহার ও আমীরুল ইসলাম। প্রবন্ধের বেশিরভাগ অংশ জুড়ে ছিল লিন্দগ্রেন-সৃষ্ট বিশ্বখ্যাত শিশু চরিত্র 'পিপ্পি লংস্টকিং'। প্রবন্ধ আলোচনারও উল্লেখযোগ্য অংশ জুড়ে ছিল ৯ বছর বয়সী ওই অনবদ্য চরিত্র। ১৯০৭ সালের ১৪ নভেম্বর সুইডেনে অ্যাস্ত্রিদ লিন্দগ্রেন জন্মগ্রহণ করেন। শিশু সাহিত্যের অসাধারণ কাহিনী ও বর্ণনা সৌকর্যের কারণে লিন্দগ্রেন সমাদৃত ছিলেন সারা বিশ্বের শিশুদের কাছে। শিশু-কিশোরদের জন্য তার লেখা বইয়ের সংখ্যা ৯০। তার ৪৩টি বই থেকে নির্মিত হয়েছে চলচ্চিত্র। ওই বইগুলো থেকে মঞ্চ নাটক এবং রেডিও ও টেলিভিশন ধারাবাহিকও তৈরি হয়েছে। সারা বিশ্বে ৮৬টি ভাষায় তার বই অনূদিত হয়েছে। ১৯৭১ সালে পেয়েছেন সুইডিশ একাডেমির স্বর্ণপদক। ১৯৭১ সালে পেয়েছেন শিশু সাহিত্যের নোবেল পুরস্কার হিসেবে খ্যাত 'রাইট লাভলিহুড প্রাইজ'। ২০০২ সালের ২৮ জানুয়ারি মৃত্যুর আগেই তিনি পরিণত হয়েছিলেন শিশু সাহিত্যের এক কিংবদন্তীতে। তার লিখিত বিখ্যাত বইগুলোর মধ্যে আছে- পিপ্পি লংস্টকিং, বুলারবি, ব্রাদার রেইন ইয়ার্টা, এমিল, কার্লসন পোতকেত, রোনিয়া রোভার দোত্তার, মাদিকেন ইত্যাদি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ডিডি/ এমএ/২০৩৩ঘ.