ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বুধবার রাজধানীতে অভিযান চালিয়ে ৯০টি ইয়াবা ট্যাবলেটসহ বেবি (৩২) ও সনি (২৮) নামে দুই বোনকে আটক করেছে। উদ্ধার করা বৈদ্যুতিক সুইচ বোর্ডের ভেতরে লুকিয়ে রাখা ছিল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লালবাগ জোনের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরের পর তারা শান্তিবাগ মসজিদ গলির ৬৬ নম্বর বাসায় অভিযান চালিয়ে বৈদ্যুতিক সুইচ বোর্ডের ভেতর থেকে ৯০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
এ সময় বাসা থেকে বেবীকে আটক করা হয়। পরে তাকে নিয়ে শান্তিনগর ও শাহজাহানপুর রেল কলোনি এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ছোটবোন সনিকে।
সনি ও বেবিকে ইয়াবা ব্যবসায়ী বলে সন্দেহ করছেন কর্মকর্তারা। তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হেফাজতে আছেন। তাদের নিয়ে রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএনডি/২০৩৫ ঘ.
bdnews24