মৌলভীবাজার, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গুপ্ত গ্রামে বুধবার ভোররাতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে একটি এলজি ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক ফ্লাইট লে. আব্দুল বাতেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টায় গুপ্ত গ্রামের আহমেদুর রহমান ডেভিড এর বাড়িতে অভিযান চালানো হয়। র্যাব সদস্যরা জ্বালানি কাঠের ঘর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এলজি ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। উদ্ধার করা অস্ত্রটি দেশে তৈরি।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডেভিড পালিয়ে যায়।
এ ব্যাপারে র্যাব বাদী হয়ে কুলাউড়া থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছে। আহমেদুর রহমান ডেভিডের বিরুদ্ধে একটি প্রতারণা ও চাঁদাবাজির মামলা রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৮১৪ ঘ.
bdnews24