ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলকায় অবস্থানরত হারিকেনের তীব্রতা সম্পন্ন ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। এটি বুধবার রাতে বাংলাদেশে আঘাত হানতে পারে। সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সাগর উত্তাল থাকায় মাছ ধরা ট্রলারগুলো কূলে ফিরে আসছে। উপকূলীয় এলাকায় বুধবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দমকা হওয়া বইছে।
প্রবল ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আঘাত হানতে পারে বলে আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম বন্দর এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে জাহাজ থেকে পণ্য খালাস। সাগর থেকে ফিরতে শুরু করেছে মাছ ধরা নৌকা ও ট্রলার। ইতোমধ্যে শতাধিক ট্রলার তীরে ফিরে এসে নিরাপদ নোঙর করেছে। ঘূর্ণিঝড় আঘাত করলে পরিস্থিতি মোকাবেলায় উপকূলীয় ১১টি জেলায় ৪২ হাজার ৬৭৫ জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। মন্ত্রণালয়ে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ।
ব্রিটিশ ঝড় পূর্বাভাস ব্যবস্থা ট্রপিক্যাল স্টর্ম রিস্ক জানিয়েছে, 'এসআইডিআর' নামের ঘূর্ণিঝড়টি ২০০৫ সালে যুক্তরাষ্ট্রে আঘাত হানা হারিকেন ক্যাটরিনার সমান শক্তিসম্পন্ন।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সমেরন্দ্র কর্মকার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, 'এসআইডিআর' ঘূর্ণিঝড়টি ৪ দশমিক ৫ মাত্রার। যা হারিকেনের শক্তিসম্পন্ন প্রবল ঘূর্ণিঝড়কে বোঝায়। এটির বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বুলেটিনে বলা হয়েছে, পূর্ব বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন এলাকায় বিরাজমান হারিকেনের তীব্রতা সম্পন্ন 'এসআইডিআর' ঘূর্ণিঝড়টি উত্তরদিকে ঘুরে কেন্দ্রীভূত হয়ে বুধবার দুপুর ১২টায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরের যথাক্রমে প্রায় ৮৫৫ কিলোমিটার ও ৭৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দরের ৮১৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা শেখ হারুনুর রশিদ জানান, ঘূর্ণিঝড়টি অরো উত্তর দিকে অগ্রসর হয়ে বুধবার রাতে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।
তিনি জানান, ঘূর্ণিঝড় 'এসআইডিআর' বুধবার সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৯৬০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম দিকে, মংলা সমুদ্র বন্দর থেকে ৯২৫ কিলোমিটার দক্ষিণে এবং কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৮৮০ কিমি দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটার এলাকায় বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় প্রায় ১৬৫ কিমি থেকে বেড়ে ১৮৫ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর প্রচণ্ড উত্তাল থাকছে।
চট্টগ্রাম, কক্সবাজার এবং মংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে চলে আসতে বলা হয়েছে।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, উপকূলীয় ১১টি জেলায় পরিস্থিতি মোকাবেলার জন্য ৪২ হাজার ৬৭৫ জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বিশেষ বুলেটিন প্রকাশ করছে।
১৯৭০ সালে নভেম্বর মাসে এক ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকায় ৫ লাখের বেশি মানুষ মারা যায়। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে মারা যায় ১ লাখ ৪৩ হাজার মানুষ। ধ্বংস হয়ে যায় হাজার হাজার ঘরবাড়ি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর চট্টগ্রাম অফিস জানায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে নগরীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট হারিক্যানের তীব্রতাসম্পন্ন ঘূর্ণিঝড় মোকাবেলার প্রাক-প্রস্তুতি হিসেবে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচল এবং বহির্নোঙ্গরে অবস্থানরত জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ হয়ে গেছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আর কোন জাহাজকে বর্হিনোঙ্গর থেকে বন্দরে আসার অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঘূর্ণিঝড়ের সম্ভাব্য আঘাত মোকাবেলার প্রস্তুতি হিসাবে বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের(চবক) বোর্ডরুমে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
অপরদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় মঙ্গলবার রাত থেকেই পৃথক নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক আশরাফ শামীম জানান, সম্ভাব্য দুযোর্গ মোকাবেলায় মঙ্গলবার রাতে বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করা হয়েছে।
কক্সবাজার প্রতিনিধি জানান, সাগর ক্রমেই উত্তাল হয়ে উঠছে। ফলে মাছ ধরা ট্রলারগুলো কূলে ফিরে আসছে। আকাশ মেঘাচ্ছন্ন এবং ভোররাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস বুধবার সকাল পর্যন্ত ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দূর্যোগ প্রতিরোধ কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জরুরি মুহূর্তের জন্য শুকনো খাবার মজুদ এবং পরিস্থিতি আশঙ্কাজনক হলে লোকজন নিরাপদ স্থানে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় গাড়ির ব্যবস্থা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পটুয়াখালী প্রতিনিধি জানান, সমুদ্র সৈকত কুয়াকাটসহ পটুয়াখালীর উপকূলীয় এলাকা উত্তাল হয়ে উঠেছে। অব্যন্তরীণ রুটগুলোয় সব ধরনের লঞ্চ ও ট্রলার চলাচল নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন পটুয়াখালী বন্দর কর্মকর্তা মো. শহিদুল্ল
bdnews24