ঠাকুরগাঁও, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার তোতা মিয়ার সাপের খামারের কিছু সাপ ঢাকা ও চট্টগ্রাম চিড়িয়াখানায় স্থানান্তর ও বাকিগুলো মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের কথা জানান ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ শাফায়েত হোসেন।
গত ২ নভেম্বর দর্শনার্থীদের সাপ দেখানোর সময় একটি গোখরা তোতা মিয়ার ডান বাহুতে ছোবল দেয়। এরপর ৫ নভেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
তোতা মিয়ার মৃত্যুর পর তার খামারের ছয়শরও বেশি সাপ নিয়ে বিপাকে পড়ে প্রশাসন। সেগুলো স্থানীয় ইউপি চেয়ারম্যানের হেফাজতে রাখা হলেও খাবার ও পরিচর্যার অভাবে এরই মধ্যে অনেক সাপ মারা গেছে। এক পর্যায়ে সরকারের একটি বিশেষজ্ঞ দল খামার পরিদর্শন করে সাপগুলোর বিষয়ে করণীয় সম্পর্কে প্রতিবেদন বন ও পরিবেশ মন্ত্রণালয়ে জমা দেয়।
গত ১১ নভেম্বর ওই প্রতিবেদন পাওয়ার পরই মন্ত্রণালয় সাপগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বলে জানান জেলা প্রশাসক।
তোতা মিয়ার বাবা আব্দুল কুদ্দুস ও স্ত্রী জ্যোৎস্না বেগম অবশ্য সাপের খামারটি পরিচালনার অনুমতি চাইলেও বিশেষজ্ঞ দল তাতে সম্মতি দেয়নি।
এ সম্পর্কে জেলা প্রশাসক বলেন, "সাপের খামারটির জন্য মন্ত্রণালায়ের কোনো অনুমোদন নেই। এতদিন তোতা মিয়ার স্বপ্ন ও জনগণের আগ্রহের কথা বিবেচনায় রেখে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/২২১০ ঘ.
bdnews24