ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মঙ্গাপীড়িত এলাকার বেকার তরুণদের কর্মসংস্থানের জন্য সুয়েটার তৈরির প্রশিক্ষণ দিচ্ছে বিজিএমইএ। এ কাজে সহায়তা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
মঙ্গলবার সকালে সরকারের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি করে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
চুক্তি স্বাক্ষরের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মো. গোলাম মোস্তফা তালুকদার সাংবাদিকদের বলেন, "বেকার সমস্যা দূর করার জন্য এটি একটি মহৎ উদ্যোগ। এটি সফল হলে গার্মেন্টস শিল্পে দক্ষ শ্রমিকের সংকট থাকবে না।"
চুক্তি অনুযায়ী যুব উন্নয়ন অধিদপ্তর তাদের গাইবান্ধা যুব প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের জন্য বিজিএমইএ কে প্রয়োজনীয় যন্ত্রাংশ বসানোর সুযোগ দেবে। অন্যদিকে, বিজিএমইএ এবং বিআইএফটি দেবে আর্থিক ও কারিগরি সহায়তা। মঙ্গলবার থেকেই এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলার বেকার যুবক ও নারীদের প্রতিটি কোর্সে একমাস করে প্রশিক্ষণ দেওয়া হবে। তাদের সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ নির্ধারণ করা হয়েছে।
প্রতিদিন দুই শিফটে সুয়েটার নিটিং কোর্সে ২৬ জন করে ৫২ জন এবং সুয়েটার লিংকিং কোর্সে ১৮ জন করে ৩৬ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি
bdnews24