২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ভোটার তালিকায় রোহিঙ্গাদের তথ্য ফরম পূরণের অভিযোগ তদন্ত হচ্ছে

বান্দরবানে রোহিঙ্গাদের ভোটার তালিকার তথ্য ফরম পূরণের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2007, 08:06 AM

Updated : 26 Aug 2022, 08:56 PM

বান্দরবান, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বান্দরবানে রোহিঙ্গাদের ভোটার তালিকার তথ্য ফরম পূরণের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান। তিনি মঙ্গলবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ইতোমধ্যে মিয়ানমারের ১৭ জন নাগরিককে সনাক্ত করে তাদের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মিয়ানমার থেকে আসা এসব রোহিঙ্গারা বিভিন্ন কৌশলে ছবিসহ ভোটার তালিকায় নিবন্ধিত হতে তথ্য ফরম পূরণ করেছেন। সদর উপজেলার সুয়ালক এলাকার বাসিন্দারা এ সংক্রান্ত একটি অভিযোগ স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে দেয়। পরে বিষয়টি নির্বাচন কার্যালয়েও জানানো হয়। জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান ভোটার তালিকায় কিছু রোহিঙ্গার তথ্য ফরম পূরণ করার কথা স্বীকার করেন। তিনি বলেন, "পৌর এলাকার ইসলামপুর ও লাঙ্গিপাড়ায় এ ধরনের ১৭ জনকে সনাক্ত করে তাদের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। অন্য অভিযোগগুলোও তদন্ত করা হচ্ছে।" গত ২২ অক্টোবর থেকে বান্দরবানে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন প্রকল্পের কাজ শুরু হয়। তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে ৩ নভেম্বর। এখন চলছে নিবন্ধন ও ছবি তোলার কাজ। কামরুল হাসান বলেন, "ভোটারদের ছবি তোলার সময় স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থাকছেন। তাদের সহায়তায় রোহিঙ্গাদের সনাক্ত করা হবে। রোহিঙ্গাদের নাম নিবন্ধন ও ছবি তোলা হবে না।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫৭ ঘ.