ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আগামী বছরের মাঝামাঝি মোবাইল সেবাদানকারী দুটি প্রতিষ্ঠান শেয়ার বাজারে আসতে পারে বলে আশা করছেন (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঞ্জুরুল আলম।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মার্কেট প্রমোশন কমিটির সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ আশার কথা জানান। বৈঠকে মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে শেয়ার বাজারে আনার ব্যাপারে নবগঠিত মার্কেট প্রমোশন কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করেন বিটিআরসি চেয়ারম্যান।
সাংবাদিকদের তিনি বলেন, "আমরা ইতোমধ্যে কাজ শেষ করে এনেছি। বাজারে প্রাথমিক শেয়ার ছাড়ার ব্যাপারে মোবাইল কোম্পানিগুলোর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে।"
প্রাথমিক শেয়ার বা আইপিও'র বিষয়ে আগামী ৩০ নভেম্বর গ্রামীণফোনের সঙ্গে বৈঠক করবে জানিয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, কবে ও কখন তারা শেয়ার ছাড়বে ওই বৈঠকে তা চূড়ান্ত হতে পারে। এছাড়া একটেলের সঙ্গেও এ ব্যাপারে আলোচনা চলছে।
তিনি জানান, অন্যান্য মোবাইল সেবা প্রতিষ্ঠানগুলোকেও শেয়ার বাজারে নিবন্ধনের বিষয়ে সময়সীমা বেঁধে দেবে এসইসি। এ ছাড়া বাজারে প্রাথমিক শেয়ারের প্রবাহ বজায় রাখতে নিবন্ধনের শর্তে পরিবর্তন আনার কথাও ভাবা হচ্ছে।
বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ডিএসই'র নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দীন আহমেদ জানান, বেসরকারি খাত, বিশেষ করে মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে শেয়ার বাজারে আনার ব্যাপারে আলোচনা হয়েছে।
বৈঠকে অংশ নেওয়া সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিটির (এসইসি) চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী এ প্রসঙ্গে বলেন, মোবাইল প্রতিষ্ঠানগুলোর শেয়ার নেওয়ার মতো পরিপক্কতা শেয়ার বাজার এরইমধ্যে অর্জন করেছে।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স- বাংলাদেশ এর সভাপতি মাহাবুবুর রহমান, মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাসট্রিজ এর সভাপতি লতিফুর রহমান, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি হোসাইন খালেদ।
গ্রামীণফোন, একটেল, বাংলালিংক, সিটিসেল, ওয়ারিদ ও সরকারি মালিকানাধীন টেলিটক- এ ছয়টি প্রতিষ্ঠান বর্তমানে দেশে মোবাইল সেবা দিচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/জেকে/এমএইচবি/২১০৭ ঘ.
bdnews24