২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ায় সন্দেহজনক ২২ কেজি সাদা পাউডারসহ ২জন আটক

মঙ্গলবার দুপুরে চীন যাওয়ার সময় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে হেরোইন বহনকারী সন্দেহে দু'যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। তাদের কাছে মোট প্রায় ২২ কেজি ওজনের ১৬টি সাদা গুঁড়ো পদার্থ ভর্তি প্যাকেট পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 09:45 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--মঙ্গলবার দুপুরে চীন যাওয়ার সময় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে হেরোইন বহনকারী সন্দেহে দু'যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। তাদের কাছে মোট প্রায় ২২ কেজি ওজনের ১৬টি সাদা গুঁড়ো পদার্থ ভর্তি প্যাকেট পাওয়া গেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উপ-অঞ্চলের সহকারী পরিচালক ফজলুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বাদ ও রঙ থেকে প্রাথমিকভাবে এগুলো হেরোইন হতে পারে বলে মনে করা হচ্ছে। এ ব্যাপারে নিশ্চিত হতে পাউডারগুলো গবেষণাগারে পাঠানো হয়েছে।" এর কিছু সময় আগে মঙ্গলবার দুপুরে কাস্টমস এর সহকারী কমিশনার আবু হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা দু'জনকে আটক করেছি। তাদের কাছে ১৬টি সাদা পাউডার ভর্তি প্যাকেট পাওয়া গেছে। এগুলোর ওজন একেকটি আনুমানিক এককেজি করে হবে। আমরা এখনো নিশ্চিত নই যে প্যাকেটগুলোতে কী রয়েছে। কোনও মাদক কী না নিশ্চিত হওয়ার জন্য বিশেষজ্ঞ ডাকা হয়েছে।" নাম প্রকাশ না করার শর্তে অন্য আরেকজন কর্মকর্তা জানান, আটককৃতরা হলো মাহমুদ আলী ও আরিফুল ইসলাম ভুঁইয়া। দুপুর ১টা ২০ এ তাদের ফ্লাইট ছিল। তারা বড় একটা ট্রাভেল ব্যাগের ভেতরে ছোট ছোট অনেকগুলো ব্যাগে করে এগুলো নিয়ে যাচ্ছিল। ১৮ নম্বর গেট দিয়ে ভেতরে ঢোকার পর স্ক্যানিং মেশিনে বিষয়টি ধরা পড়ে। পরে নিরাপত্তা কর্মকর্তারা বিমানন্দরে কর্তব্যরত যৌথবাহিনীকে খবর দেন। তারা এসে ওই ব্যাগ থেকে প্যাকেটগুলো উদ্ধার করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/১৪৫৫ঘ.